খাস জায়গায় বিপণিবিতান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের পূর্বহাটিতে খাস জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি ওই গ্রামের মো. মুর্শিদ মিয়া ও তাঁর সহোদর মো. একরাম মিয়া বালি ভরাট করে টিনের চালার দোকানঘর নির্মাণ করেন।দোকানঘর সরিয়ে নিতে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় থেকে তিন বার ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে একবার চিঠি দেওয়া হয়। গত বুধবার দখল উচ্ছেদ করার কথা থাকলেও রহস্যজনক কারণে শেষ মুহূর্তে তা বাতিল করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী।উপজেলা ভূমি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ফরদাবাদ ইউনিয়নের পূর্বহাটি গ্রামের বটতলী বাজারের উত্তর ও ফরদাবাদ-পূর্বহাটি ব্রিজের পূর্ব পাশে পূর্বহাটি মৌজার ১৮ শতক খাস (ভিপি) জায়গা রয়েছে। চার মাস আগে ওই স্থানে বালি ফেলে মুর্শিদ মিয়া ও আকরাম মিয়া তাদের বাবার নামে রশিদ মার্কেট তৈরি করেন।সরেজমিনে দেখা যায়, মার্কেটের সাতটি দোকানের মধ্যে একটিতে তৈরি কাপড় বিক্রি করা হয়। দোকানের সামনে স্থানীয় সাংসদ ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম উচ্চবিদ্যালয়ের সাইবোর্ড ঝুলিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম জিলানী। আরেকটি কক্ষে আওয়ামী লীগের ইউনিয়ন কার্যালয়ের সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে।যোগাযোগ করা হলে গোলাম জিলানী বলেন, ‘আমার জানামতে পাঁচ শতক জায়গা তাদের, জায়গাটি আমাকে দলিল করে দিতে বলেছি। বাকি জায়গা তাদের নামে বন্দোবস্ত করে দেব। ইউনিয়ন কার্যালয় মার্কেটে নিলেও ভাড়া আমরা দিই না।’দখলদার মুর্শিদ মিয়া বলেন, ‘এই জায়গা এনিমি সম্পত্তি, জায়গা পাইতে আমরা ডিসি অফিসে দরখাস্ত দিয়া রাখছি। মার্কেটে আওয়ামী লীগ অফিস জিলানী চেয়ারম্যান দিছে, ভাড়া অল্প কিছু দেয়।’ উপজেলা কানুনগো ম্রাগ্য মারমা জানান, দখলদারদের স্থাপনা সরিয়ে নিতে দুই মাসে তাদের পক্ষ থেকে তিন বার ও অতিরিক্ত জেলা প্রশাসকের (ভূমি) কার্যালয় থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তারা পাত্তাই দেয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (এসি-ল্যান্ডের দায়িত্বে) সুমন চৌধুরী বলেন, কোনো চাপে উচ্ছেদ বন্ধ হয়নি। জায়গাটির সীমানা নির্ধারণ করতে হবে। এরপর দখল উচ্ছেদ করা হবে। জেলা প্রশাসক মো. আবদুল মান্নান বলেন, বিষয়টি তাঁর জানা নেই, জেনে ব্যবস্থা নেবেন।