খাস পুকুর দখল, ভরাট করে স্থাপনা নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শশিগ্রামে ৬৮ শতাংশের একটি সরকারি খাস পুকুর আওয়ামী লীগের সমর্থকদের মাটি ভরাট করে দখলে নেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।ওই গ্রামের আওয়ামী লীগের এক সমর্থক সাহাদ আলী বলেন, ‘হামরা যারা আমেলীগ করি, সবাই মিলে পুকুরে মাছ চাষ করি। পুকুরের পাশে পাঁচজন মিলে মাটি ভরাট করে কিছু দখল করে মুরগির শেড বানাছে।’ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক বিষয়টি জানেন বলে দাবি করেন সাহাদ আলী।ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তর সূত্র জানায়, ওই গ্রামের মাঝখানে শশিগ্রাম মৌজার ৩৩৮ দাগের ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ৩৪ শতাংশ এবং ২ নম্বর খাস খতিয়ানভুক্ত ৩৪ শতাংশ মোট ৬৮ শতকের পুকুরটি বহু দিন ধরে ওই গ্রামের কৃষক আকাম উদ্দীন সরকারের কাছ থেকে ইজারা নিয়ে মাছ চাষ করছিলেন। কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ-সমর্থিত গ্রামবাসী ইজারার মেয়াদ শেষ হওয়ার আগেই আকাম উদ্দীনের কাছ থেকে পুকুরটি দখল করে নেন।দখলের পর পুকুরের পশ্চিম পাশে আজিজার রহমান, মোতাহার মিস্ত্রি ও আবদুল মান্নান নামের আওয়ামী লীগের তিন সমর্থক প্রায় ২০ শতাংশ পুকুর মাটি দিয়ে ভরাট করে সেখানে দুটি মুরগির শেড নির্মাণ করেন। পুকুরের দক্ষিণ পাশে জায়বুল ও আবুল কালাম নামের আরও দুজন নিজের মালিকানা দাবি করে দখলের জন্য পুকুরের আট শতক অংশ ভরাট শুরু করেন। এ ব্যাপারে ৫ এপ্রিল অভিযোগ পেয়ে ক্ষেতলালের ইউএনও স্থানীয় বড়াইল ইউনিয়নের তহশিলদার বেলাল হোসেনকে নির্দেশ দিয়ে ৬ এপ্রিল মাটি ভরাটের কাজ বন্ধ করে দেন।অভিযুক্ত আজিজার রহমান মাটি ভরাট করে মুরগির শেড তৈরির কথা স্বীকার করে বলেন, ‘নিজের জমিজমা নাই। বাড়ির কাছে পুকুরের জন্য কিছু অংশ ভরাট করে দখল নিয়েছি। প্রশাসন সেটা ভেঙে দিয়ে দখল করলে আমার আপত্তি নাই।’ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক খলিলুর রহমান জানান, পুকুরটি দুই দাগের হওয়ায় একটু সমস্যা ছিল। গ্রামের সবাই মিলে মাছ চাষ করে খাচ্ছে। কেউ দখল করলে বিষয়টি দেখা হবে।ইউএনও রুহুল আমিন মিঞা বলেন, অভিযোগ পাওয়ার পর তহশিলদার দিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে এবং কানুনগো দ্বারা খাস পুকুরটি মাপজোক করা হয়েছে। সরকারি অংশ দখল নেওয়া হবে।