রাজধানীর চামেলীবাগে স্ত্রীসহ পুলিশের পরিদর্শক মাহফুজুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া তাঁদের মেয়ে ঐশী রহমানের বক্তব্য শুনেছেন হাইকোর্ট। তাঁর মানসিক অবস্থা পর্যবেক্ষেণে দুই পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে গতকাল সোমবার প্রায় ১৫ মিনিট খাসকামরায় আদালত তাঁকে কিছু প্রশ্ন করেন ও উত্তর শোনেন। তবে বিষয়বস্তু কী ছিল তা জানা যায়নি।
বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে ওই মামলার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও ঐশীর করা আপিলের ওপর শুনানি চলছে। শুনানিকালে ৩ এপ্রিল হাইকোর্ট ঐশী রহমানকে ১০ এপ্রিল আদালতে হাজির করতে আইজি-প্রিজনের প্রতি নির্দেশ দেন। এ অনুসারে গতকাল সকাল পৌনে ১০টায় কারা কর্তৃপক্ষ ঐশীকে আদালতে হাজির করে। প্রথমে আদালতকক্ষে পেছনের সারিতে বসলেও পরে তাঁকে এজলাসের কাছাকাছি চেয়ারে নিয়ে বসানো হয়। সালোয়ার কামিজ পরা ঐশীর হাতে ছিল ইনহেলার, তিনি ছিলেন চুপচাপ। পাশে দুজন নারী কারারক্ষী দাঁড়িয়ে ছিলেন।
সাড়ে ১০টার দিকে এজলাসে আসেন বিচারপতিরা। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম বলেন, এই মামলায় মানবাধিকারকর্মীরা একটি রিট করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে ঘটনার আগে-পরে ঐশীর মানসিক অবস্থা বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে একটি প্রতিবেদন দেওয়া হয়। বিচারিক আদালতে ওই প্রতিবেদন দেখানো হয়েছে। আসামিপক্ষ ওই প্রতিবেদনের ওপর গুরুত্ব দিয়েছে। ঐশীর সঙ্গে বিশেষভাবে কথা বলা হবে। এ সময় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের একজন করে আইনজীবী উপস্থিত থাকবেন। সকাল ১০টা ৪০ মিনিটের দিকে আদালতকক্ষ থেকে ঐশীকে খাসকামরার দিকে নেওয়া হয়। আদালতে রাষ্ট্রপক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল আতিকুল হক সেলিম ও ঐশীর পক্ষে আইনজীবী সুজিত চ্যাটার্জি বাপ্পী উপস্থিত ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে এজলাসে আসেন বিচারপতিরা। এরপর উভয় পক্ষ যুক্তি উপস্থাপন করে। পরে সুজিত চ্যাটার্জি বাপ্পী প্রথম আলোকে বলেন, উভয় পক্ষের একজন করে আইনজীবীর উপস্থিতিতে খাসকামরায় প্রায় ১৫ মিনিট আদালত ঐশীর বক্তব্য শোনান। এ সময় আদালত তাঁকে বিভিন্ন প্রশ্ন করেন ও ঐশী উত্তর দেন। বেলা ১১টার দিকে তাঁকে আদালত থেকে কারাগারের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।
২০১৩ সালের ১৬ আগস্ট চামেলীবাগের বাসা থেকে পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এই হত্যা মামলায় ২০১৫ সালের ১২ নভেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল রায়ে ঐশীকে মৃত্যুদণ্ড ও তাঁর বন্ধু মিজানুর রহমানকে দুই বছরের কারাদণ্ডাদেশ দেন।