খাসজমি দখল, সড়কের গাছ কর্তন, অতঃপর ঘর নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর সদর উপজেলার ডোমসার, চিকন্দী ও শৌলপাড়া ইউনিয়নের সড়কের পাশ থেকে তিন শতাধিক গাছ কেটে নিয়েছে স্থানীয় একটি চক্র। আর সরকারি খাস জমি দখল করে ওইসব গাছের কাঠ দিয়ে ১০টি ঘর নির্মাণ করা হয়েছে।স্থানীয় সূত্র জানায়, বন বিভাগের অনুমতি নিয়ে বেসরকারি সংস্থা গণ-উন্নয়ন প্রচেষ্টা ডোমসার ইউনিয়নের মুন্সীরহাট থেকে কোয়ারপুর সড়ক, চিকন্দী সড়ক ও সারেঙ্গা সড়কে ১৯৯৫ সালে রেইনট্রি, চাম্বুল ও মেহগনির ২৫ হাজার গাছ লাগায়। গাছগুলো রক্ষণাবেক্ষণ করতে প্রতি আধা কিলোমিটার এলাকার জন্য গণ-উন্নয়ন প্রচেষ্টার একজন কর্মী নিয়োজিত থাকেন। কিন্তু তাঁদের ভয়ভীতি দেখিয়ে গত ২ থেকে ১১ জানুয়ারির মধ্যে ডোমসা ইউনিয়ন থেকে ২০০, চিকন্দী ইউনিয়ন থেকে ৫০ ও শৌলপাড়া ইউনিয়ন থেকে ৫০টি গাছ কেটে নেয় স্থানীয় একটি চক্র।গণ-উন্নয়ন প্রচেষ্টার ব্যবস্থাপক আবদুর রাজ্জাক জানান, গাছ কাটার খবর পেয়ে তাঁরা এলাকায় গিয়ে জেনেছেন কারা গাছগুলো কেটেছে।খোঁজ নিয়ে ডোমসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শরবত্ আলী খাঁর নেতৃত্বে একটি চক্র গাছগুলো কেটে নিয়েছে। তাঁকে সহায়তা করেছেন জেলা যুবলীগ সদস্য মোনায়েম খাঁ ও স্থানীয় যুবলীগ কর্মী ফেরদৌস মাদবর। এই চক্রটিই ডোমসা বাজারের উত্তর প্রান্তের সরকারি জায়গা দখল করে ১০টি টিনের ঘর নির্মাণ করেছে। এতে সড়কের কেটে নেওয়া গাছের কাঠ ব্যবহার করা হয়েছে। মোনায়েম খাঁ এ বিষয়ে বলেন, গাছ কাটার অভিযোগ সঠিক নয়। আমরা ঘর নির্মাণ করেছি। এ জায়গার জন্য উপজেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে। শরবত্ আলী খাঁ একটি হত্যা মামলায় গত মঙ্গলবার গ্রেপ্তার হওয়ায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব রাজ্জাক মুঠোফোনে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।ডোমসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান জানান, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করা হয়েছে।ইউএনও আবদুল করিম জানান, ডোমসা বাজারে ঘর নির্মাণ করার জন্য খাস জমি চেয়ে কেউ আবেদন করেনি। বিষয়গুলো খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।