খাসজমি দখল করে দোকান
কুড়িগ্রামের উলিপুর বাজারের ৫৫ শতক খাসজমি দখল করে শতাধিক মানুষ অবৈধভাবে দোকান তুলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। দখল করা ওই জমির বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা।এলাকাবাসী ও উলিপুর পৌর ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রিটিশ আমলে কুড়িগ্রাম-চিলমারী সড়কের পাশে ৮০ শতক জমির ওপর একটি দাতব্য চিকিৎসালয় স্থাপন করা হয়। স্বাধীনতার পর এটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর ওই জমিতে স্থানীয় লোকজন অবৈধ স্থাপনা তুলে ব্যবসা শুরু করেন। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার ওই জমির শ্রেণী পরিবর্তনের জন্য উপজেলা ভূমি কার্যালয়কে নির্দেশ দেয়। কিন্তু উপজেলা ভূমি কার্যালয় ২৫ শতক জমি বাদ দিয়ে ৫৫ শতক জমি খাস খতিয়ানভুক্ত করে।পৌর ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, তত্ত্বাবধায়ক সরকারের সময় ওই ৫৫ শতক জমিতে থাকা ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধা ফয়জার রহমান, ব্যবসায়ী লাল মিয়া, মতিয়ার রহমান, এহসান, মাহফুজারসহ শতাধিক স্থানীয় ব্যক্তি ওই জমিতে শতাধিক স্থাপনা নির্মাণ করেন। মুক্তিযোদ্ধা ফয়জার রহমান জানান, ওই জমিতে আগে তাঁদের দোকান ছিল। তত্ত্বাবধায়ক সরকারের আমলে সেসব দোকান উচ্ছেদ করা হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আগের জায়গায় তাঁরা দোকান তুলেছেন। বন্দোবস্ত পাওয়ার জন্য তাঁরা উপজেলা ভূমি কার্যালয়ে আবেদন করেছেন।উলিপুর সহকারী কমিশনার (ভূমি) মোহামঞ্চদ আবদুল্লাহ জানান, ওই জমিতে গড়ে তোলা সব দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ করা হবে।