খাসজমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ
বগুড়ার ধুনট উপজেলার পাঁচথুপী বাজারে এক ব্যক্তির বিরুদ্ধে সরকারি জায়গায় অবৈধভাবে দোকানঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে। ঘর নির্মাণকাজ বন্ধের দাবিতে এলাকাবাসীর পক্ষে পাঁচথুপী নিয়ামতিয়া গ্রামের আবদুর রশিদ তালুকদার নামের এক ব্যক্তি গত ২৬ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, চৌকিবাড়ী ইউনিয়নের নছরতপুর গ্রামের আবদুস ছালাম পাঁচথুপী বাজারে সরকারি জায়গায় টিনের একটি দোকানঘর তুলে আট-নয় বছর ধরে সেখানে ব্যবসা চালাচ্ছেন। সেখানে তিনি সরকারি প্রায় তিন শতাংশ জমি দখল করে রেখেছেন এবং এর একাংশে সেই ঘরটি ভেঙে এখন একটি আধাপাকা ঘর নির্মাণ করছেন।আবদুস ছালাম বলেন, ‘আমি কয়েক বছর ধরে পড়ে থাকা সরকারি জায়গায় ঘর করে সেখানে ব্যবসা করে আসছি। এখন পুরোনো ঘরটি ভেঙে নতুন করে নির্মাণ করছি।’ ইউএনও হাফিজুর রহমান বলেন, ‘তদন্ত করে অবৈধ দখলদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’