দেশের মোট খাসজমির অধিকাংশ দখল করে আছেন রাজনৈতিকভাবে ক্ষমতাশালী ব্যক্তিরা। তাঁরা সব সরকারের আমলেই রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পেয়ে থাকেন। খাসজমিতে ভূমিহীনদের অগ্রাধিকার থাকলেও দখলবাজির জন্য প্রকৃত ভূমিহীন ব্যক্তিরা খাসজমি পান না, তাঁদের প্রাপ্য জমি চলে যায় ক্ষমতাধর ব্যক্তিদের কাছে।গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে ‘খাসজমিতে দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর অভিগম্যতা: বিদ্যমান বাধাসমূহ ও উত্তরণে করণীয়’ শীর্ষক গোলটেবিল সংলাপে এসব কথা বলেন বক্তারা। আলোচকেরা বলেছেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এই সমস্যার সমাধান হবে না। রাজনৈতিক এই দখলদারি যে চলছে তা স্বীকার করেছেন সরকারের একাধিক মন্ত্রী। দখলবাজির পাশাপাশি দেশে ভূমি-সংক্রান্ত যেসব আইন আছে সেগুলোকে ‘ধনীদের স্বার্থে’ এবং ‘ঔপনিবেশিক আমলের’ বলে মন্তব্য করেছেন সংলাপের প্রধান অতিথি ভূমিমন্ত্রী রেজাউল করীম। তিনি বলেন, এগুলোর সংস্কার ছাড়া ভূমি সমস্যার সমাধান সম্ভব নয়। সরকারের আমলে প্রায় ১০০ নতুন আইন তৈরি হয়েছে, যার মধ্যে ভূমি-সংক্রান্ত একাধিক আইন আছে বলে জানান তিনি।
গোলটেবিল সংলাপে বিশেষ অতিথি আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, কৃষকদের খাসজমি দখলে একধরনের প্রতিযোগিতা আছে। প্রতিযোগিতায় আওয়ামী লীগ, বিএনপি থেকে শুরু করে সবাই শামিল। তিনি বলেন, দখলবাজদের দল নেই। যখন যে দল ক্ষমতায় আসে, ভূমিদস্যুরা সেই দলের সমর্থক বনে যায়।আলোচনায় মূল প্রবন্ধ পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবাহ কামাল। প্রবন্ধে বলা হয়, সরকার খাসজমি উদ্ধারে তেমন কোনো সফলতা অর্জন করেনি। এর ফলে দখলদারেরা খাসজমি দখলে উৎসাহিত হচ্ছে। দেশে চরের জমির পরিমাণ মোট জমির ১.২ শতাংশ। এর মধ্যে মাত্র ৭ শতাংশ ভূমিহীন ৭৭ ভাগ মানুষের দখলে আছে। বাকি ৯৩ ভাগ দখল করে আছে ২৩ ভাগ ভূমিদস্যু। খাসজমি বণ্টনে উপজেলা, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে কৌশলপত্র প্রকাশের পরামর্শ দেওয়া হয়।
আলোচনায় অংশ নিয়ে বেসরকারি সংগঠন এলএআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা বলেন, নির্বাচনী ইশতেহারে থাকলেও খাসজমি বণ্টন সরকারের প্রাধান্যের তালিকায় নেই। জমির বণ্টন ও পুনরুদ্ধারে নতুন আইন করার পরামর্শ দেন তিনি। বৈশাখী টেলিভিশনের বার্তা প্রধান মনজুরুল আহসান বুলবুলের সঞ্চালনায় সংলাপে আরও বক্তব্য দেন নিজেরা করির সমন্বয়ক খুশী কবির, উন্নয়ন অন্বেষণের চেয়ারপারসন রাশেদ আল মাহমুদ, কেয়ারের মনজুর রশীদ প্রমুখ।