খাসজমি দখলে বাধা দেওয়ায় তহশিলদার লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সরকারি খাসজমি দখলে বাধা দেওয়ায় স্থানীয় তহশিলদারকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন আওয়ামী লীগের কর্মীরা৷ পরে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুজনকে তিন মাসের কারাদণ্ডাদেশ দেন৷ গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে৷
এর আগে স্থানীয় সাংসদ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল হক চৌধুরী ভূমি কর্মকর্তাকে ফোন করে দখলদারদের নিজেদের কর্মী বলে কারাদণ্ডাদেশ দিতে বারণ করেন৷
দৌলতপুর উপজেলা ভূমি কার্যালয় জানায়, উপজেলার বিভিন্ন সরকারি খাসজমি উদ্ধারে প্রশাসন অভিযান চালাচ্ছে৷ ইতিমধ্যে ৩২ একর জমি উদ্ধার করেছে। কিছুদিন আগে হোগলবাড়িয়া ইউনিয়নের চামনা মৌজার ১ নম্বর খতিয়ান এলাকায় সড়কের পাশে ১০ শতক সরকারি জমি দখল করে আওয়ামী লীগ কর্মী ওসমান মণ্ডল ও তাঁর ছেলে ওমর মণ্ডল কয়েকটি আধা পাকা দোকানঘর তৈরি করেন৷ চার-পাঁচ দিন আগে তহশিলদার মাসুম উদ্দীন গিয়ে ইমারত নির্মাণ করতে নিষেধ করেন। গতকাল সকালে তহিশলদার আবার গিয়ে দেখতে পান ইমারত তৈরি করা হচ্ছে। তিনি বাধা দিতে গেলে দখলদারেরা তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন৷ খবর পেয়ে দুপুরে ভূমি কমিশনার ও নির্বাহী হাকিম নাহিদা আকতার ঘটনাস্থলে গিয়ে সত্যতা পান৷ তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুজনকে সাজা দেন৷
নাহিদা আক্তার প্রথম আলোকে বলেন, সরকারি ও স্থানীয় কর্তৃপক্ষীয় ভূমি ও ইমারত (দখল পুনরুদ্ধার) আদেশ ১৯৭০ সালের ৬ ও ৭ ধারামতে দুজনের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এসএ ও আরএস রেকর্ডে এটা সরকারি জমি৷ আদালতে তাঁদের কেউ জমির মালিকানার বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেন, ভ্রাম্যমাণ আদালত বসানোর সময় স্থানীয় সাংসদ নাহিদা আক্তারের কাছে ফোন করে দখলদারদের নিজেদের দলের লোক দাবি করে তাঁদের সাজা দিতে বারণ করেন। নিষেধ সত্ত্বেও কারাদণ্ড দেওয়া হলে সাংসদ উত্তেজিত হয়ে যান। এ ঘটনার পর তহিশলদার মুঠোফোন বন্ধ রেখেছেন।
এ ব্যাপারে সাংসদ রেজাউল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘যে জমিতে ঘর নির্মাণ করা হচ্ছে, সেটা ওসমান মণ্ডলের বাড়ি থেকে বের হওয়ার জমি৷ এটা ৫০ বছর ধরে তাঁরা ভোগ করে আসছেন।’ তিনি দাবি করে বলেন, ওসমান মণ্ডলরা গিরব মানুষ। তাঁদের জেল না দিতে অনুরোধ করা হয়েছিল। সাংসদ প্রশ্ন করে বলেন, ‘কত মানুষ হাজার হাজার বিঘা জমি দখল করে আছে৷ এই গিরব মানুষদের জেল দিয়ে অন্যায় ও অমানবিকতা করা হয়েছে।’