খাসজমি দখলে শেখ রাসেল সঞ্চৃতিসংঘের সাইনবোর্ড
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় প্রায় ৫০ শতক খাসজমি দখল করতে শেখ রাসেল সঞ্চৃতিসংঘের নামে সাইনবোর্ড লাগিয়েছে স্থানীয় একটি চক্র। এখন রাত-দিন মাটি ভরাটের কাজ চলছে।
স্থানীয় আইউব আলী শেখের ছেলে লিপন শেখ এ চক্রের প্রধান বলে জানা গেছে। লিপনের মা সেলিনা বেগম জাতীয়তাবাদী মহিলা দল নাজিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক।
নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও নাজিরপুর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারেফ হোসেন খান জানান, বঙ্গবন্ধু ট্রাস্টের অনুমোদন ছাড়া কেউ বঙ্গবন্ধুর পরিবারের পক্ষে কোনো সাইনবোর্ড বা কোনো স্থাপনা করতে পারেন না। উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া বাজারের পাশে যারা শেখ রাসেল সঞ্চৃতিসংঘের সাইনবোর্ড লাগিয়েছে তারা একটি দুর্বৃত্ত চক্রের সদস্য।
এ ব্যাপারে লিপন শেখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে তার মা সেলিনা বেগম জানান, লিপন তার চাচাতো ভাইয়ের শ্বশুর মোতাহার মজুমদারের জমিতে এ সাইনবোর্ড লাগিয়েছে। আপনারা তো বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, তাহলে কীভাবে শেখ রাসেল সঞ্চৃতিসংঘের সাইনবোর্ড আপনার ছেলে লাগালেন—জবাবে তিনি বলেন, পেনাখালীর (উপজেলার মালিখালী ইউনিয়নের একটি গ্রাম) যুবলীগ নেতা টিপু সুলতানের পক্ষে এ সাইনবোর্ডটি লিপন লাগিয়েছে। মোতাহার মজুমদারের সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে তিনি কোনো কথা বলতে রাজি হননি।
তবে যুবলীগ নেতা টিপু সুলতান বলেন, ‘এ ব্যাপারে আমি কিছুই জানি না। যারা সাইনবোর্ড লাগিয়েছে তাদের আমি চিনিও না।’
গত ২৯ সেপ্টেম্বর সরেজমিনে দেখা যায়, একটি শ্যালো ইঞ্জিনের সহায়তায় বাজারের পশ্চিম পাশে বালু ভরাট করা হচ্ছে। ইঞ্জিনের সঙ্গে থাকা ফায়েকুজ্জামান জানান, লিপন শেখ তাদের ভাড়ায় এনেছে এবং তার দেখিয়ে দেওয়া জমিতে তারা বালু ভরাট করছে।
নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৃণাল কান্তি দে জানান, বালু কাটা ও জমি দখলের সঙ্গ জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নাজিরপুর উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার আবুল হোসেন জানান, কয়েক বছর আগে তারাবুনিয়া বাজারের পশ্চিম পাশে (২৩ নম্বর সামন্তগাতী মৌজায়) বলেশ্বর নদীতে চর জেগে ওঠে। এ চরটি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত। এ চরের প্রায় ৫০ শতক জমি দখল করে পাইলিং করে শ্যালো ইঞ্জিন দিয়ে বালু ভরাট করছে লিপন শেখ ও তার কয়েকজন সঙ্গী।