খাসজমি না থাকলেও প্রশাসন জমি ইজারা-বন্দোবস্ত দিচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামে ঐতিহ্যগত ব্যবস্থাপনায় মৌজাবাসীদের ব্যবহারের মৌজা জমি ছাড়া কোনো খাস বা পতিত জমি নেই। কিন্তু প্রশাসন বহিরাগত ব্যক্তিদের কাছে অবৈধভাবে ইজারা ও উপ-ইজারা দিচ্ছে। এতে মৌজা জমি বেহাত হওয়ায় এ অঞ্চলে ভূমি নিরাপত্তাহীনতা সৃষ্টি হচ্ছে। গতকাল শুক্রবার বান্দরবানে বোমাং রাজপুণ্যাহর দ্বিতীয় দিনে রাজদরবারে এ অভিযোগ করেন হেডম্যান ও কার্বারিরা।সকাল সাড়ে নয়টায় নতুন রাজবাড়ি প্রাঙ্গণের রাজদরবারে শুরু হয় হেডম্যান (মৌজাপ্রধান) ও কার্বারিদের (পাড়াপ্রধান) সম্মেলন। প্রবীণ রাজা অংশৈপ্রু চৌধুরী অসুস্থ থাকায় তাঁর প্রতিনিধি হিসেবে রাজপুত্র চহ্লাপ্রু জিমি দরবারে আসন গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য সাধুরাম ত্রিপুরা, হেডম্যান অ্যাসোসিয়েশনের (এইচএ) সহসভাপতি সাচপ্রু মারমা, ক্যশৈঅং মারমা, সাধারণ সম্পাদক মংথোয়াইচিং মারমা, সাংগঠনিক সম্পাদক রাংলাই ম্রো। বক্তব্য দেন রোয়াংছড়ির বেতছড়ি মৌজার হেডম্যান ও উপজেলার চেয়ারম্যান হ্লাথোয়াইহ্রী মারমা, হেডম্যান পুলুপ্রু, কাপ্তাই এলাকার রায়খালী মৌজার উচিংথোয়াই চৌধুরী, লামার হেডম্যান চাহ্লাখয় মারমা প্রমুখ।পার্বত্য চট্টগ্রামে খাস বা পতিত জমির বিষয়টি ব্যাখ্যা করে এইচএ সাংগঠনিক সম্পাদক রাংলাই ম্রো বলেন, ১৯৫০ সালের বঙ্গীয় প্রজাসত্ত্ব আইনে জমিদারি প্রথা বিলুপ্ত করে সরকার জমিদারদের যে সম্পত্তি সরকারি খাসমহলের আওতায় নিয়ে আসে, সে জমিকেই খাস বা পতিত জমি বলা হয়। কিন্তু পার্বত্য চট্টগ্রামে কোনোকালেই জমিদারি প্রথা ছিল না এবং সরকার কোনো জমি খাসের আওতায়ও নিয়ে আসেনি।রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হ্লাথোয়াইহ্রী মারমা বলেন, ১৯০০ সালের পার্বত্য শাসনবিধি অনুযায়ী এ অঞ্চলের সব জমি মৌজার হেডম্যানদের আওতায় মৌজা জমি হিসেবে রাজস্ব আদায়সহ সব ধরনের ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে। হেডম্যানরা আদিবাসী ঐতিহ্য ও প্রথা অনুযায়ী ওই জমি সামাজিক মালিকানায় ব্যবহারের জন্য প্রত্যেক পাড়াকে পৃথকভাবে বণ্টন করে দিয়েছেন। এ অবস্থায় কোথাও খাসজমি নেই। পার্বত্য শাসনবিধি ও আদিবাসী প্রথাগত ভূমি ব্যবস্থাপনা উপেক্ষা করে প্রশাসন ওই মৌজা জমি বন্দোবস্তের নামে বহিরাগত ব্যক্তিদের কাছে তুলে দিচ্ছে। এতে পাড়াবাসী ভূমিহারা হয়ে যাচ্ছে। উপস্থিত হেডম্যান-কার্বারিরাও এ বিষয়ে একমত পোষণ করেন। রাজার প্রতিনিধি চহ্লাপ্রু জিমি উপস্থিত হেডম্যান-কার্বারিদের নিজ নিজ মৌজা ও পাড়ার জমি রক্ষায় তৎপর হওয়ার নির্দেশ দিয়ে বলেন, ‘অবৈধ দখলদারদের উচ্ছেদের নোটিশ দিন। নোটিশ দেওয়ার পরও কাজ না হলে উচ্ছেদ করার জন্য প্রশাসনকে চিঠি দিয়ে অবহিত করুন।’ পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার সংরক্ষণ আন্দোলন এবং আদিবাসী ফোরামের একটি যৌথ প্রতিনিধিদল রাজদরবারে গিয়ে হেডম্যান-কার্বারি সম্মেলনে অংশ নেন।সম্মেলন শেষে আগামী ২০ ফেব্রুয়ারি হেডম্যান অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠান এবং মারমা ও আদিবাসীদের বিভিন্ন রীতিনীতি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।