খাসজমি নিয়ে সংঘর্ষ, ১০ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে বাঙ্গালী নদীর চরে জেগে ওঠা খাসজমির দখল নিয়ে ভূমিহীন ও জোতদারদের মধ্যে আবারও সংঘর্ষ হয়েছে। গতকাল শুক্রবার ভোররাতের ওই সংঘর্ষে দুই পক্ষের ১০ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি ককটেল উদ্ধার করেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সাকদহ গ্রামের সামনে বাঙ্গালী নদীর চরে জেগে ওঠা ১৯ একর খাসজমির দখল ও পত্তন নিয়ে ওই গ্রামের ভূমিহীন ও জোতদারদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে দুই পক্ষের মধ্যে গতকাল আবারও সংঘর্ষ বাধে। ভূমিহীনদের নেতা আবদুল গাফফার অভিযোগ করেন, গতকাল ভোররাতে স্থানীয় জোতদার মাহাতাব আলী, আবদুুর রশিদ ও তাঁদের ভাড়াটে লোকজন ধারালো অস্ত্র ও ককটেল নিয়ে ভুমিহীনদের বাড়ি ও জমি দখল করতে আসেন। এ সময় তাঁরা বাধা দিলে জোতদার পক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁদের আহত করেন।আবদুুর রশিদ অভিযোগ করেন, নুরু মিয়া নামে তাঁদের এক লোক নদীর চরে খাসজমি পত্তন নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। ভোররাতে ভূমিহীন পরিবারের লোকজন নুরু মিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের জন্য হামলা চালায়। এ সময় বাধা দিতে গেলে তাঁদের লোকজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।