খাসজমি নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু
বগুড়ার ধুনটে বাঙ্গালী নদীর চরে জেগে ওঠা খাসজমির দখল নিয়ে ভূমিহীন ও জোতদারদের মধ্যে সংঘর্ষে আহতদের একজন গত শুক্রবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত আকতার হোসেনের (৪০) বাড়ি শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের বেটখর গ্রামে। থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধুনট উপজেলার সাকদহ গ্রামের সামনে বাঙ্গালী নদীর চরে জেগে ওঠা ১৯ একর খাসজমির দখল ও পত্তন নিয়ে ওই গ্রামের ভূমিহীন এবং জোতদারদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে দুই পক্ষের মধ্যে গত শুক্রবার ভোররাতে সংঘর্ষ হয়। সংঘর্ষে ১০ জন আহত হন। আহতদের চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে গুরুতর আহত আকতারের অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার শেষ রাতে তিনি মারা যান। ধুনট থানার পুলিশের পরিদর্শক তোজাম্মেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।