খাসজমি পেতে থাকতে হবে 'সক্ষম পুত্রসন্তান'
সরকার থেকে খাস কৃষিজমি বরাদ্দ পেতে হলে বিধবা কিংবা স্বামী পরিত্যক্ত নারীর ‘সক্ষম প্রাপ্তবয়স্ক পুত্রসন্তান’ থাকতে হবে। ১৯৮৭ সালের ভূমিহীনদের মধ্যে খাস কৃষিজমি বণ্টনের নীতিমালায় এ শর্ত রয়েছে। তিন পার্বত্য জেলা ছাড়া দেশের সর্বত্র নীতিটি প্রযোজ্য।
এ নীতিতে কিছু পরিবর্তন ও সংশোধন করা হলেও নারীর প্রতি অবমাননাকর এবং ক্ষমতায়নের পরিপন্থী ওই শর্ত বহাল আছে। তবে সক্ষম পুত্রহীন বিধবা নিজে খেতমজুর হলে খাস কৃষিজমি পাওয়ার উপযুক্ত হবেন।
নারী নেত্রী ও মানবাধিকারকর্মীরা বলেছেন, সরকারের নীতিতে এ ধরনের শর্ত থাকা লজ্জাজনক। ২৬ বছরেও তা সংশোধন না হওয়াও দুর্ভাগ্যজনক।
ওই নীতিতে পুনর্বাসিত ভূমিহীন সমিতির পুরুষ ও নারী সদস্যদের কৃষি ও উন্নয়ন শিক্ষা এবং অকৃষিজাত পণ্য উৎপাদনের কৃৎকৌশলগত প্রশিক্ষণ দেওয়ার কথা বলা আছে। তবে অকৃষিজাত পণ্য উৎপাদনে নারীদের বেশি গুরুত্ব দিতে বলা হয়েছে। ধরেই নেওয়া হয়েছে, নারীরা কৃষিকাজ করতে পারবেন না।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, কৃষিতে বিভিন্ন ধাপের মোট ২১টি কাজের মধ্যে ১৭টিতেই নারীরা সক্রিয়। নীতিমালার বিভিন্ন শর্ত পিতৃতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ ও নারীর মানবাধিকার লঙ্ঘনের শামিল। নারীর ক্ষমতায়নসংক্রান্ত অন্যান্য নীতিমালার সঙ্গেও এটি সাংঘর্ষিক। নীতিটি অবশ্যই পরিবর্তন করা উচিত।
তবে ভূমি মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, নীতিতে বিভিন্ন কথা লেখা থাকলেও জমি বণ্টনের সময় নারীর সার্বিক অবস্থা, প্রয়োজন বিবেচনা করেই তা করা হচ্ছে।
কৃষিকাজে সম্পৃক্ত নারীর উন্নয়নে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থা নিজেরা করির সমন্বয়ক খুশী কবির বলেন, কোনো কোনো জায়গায় নীতির ব্যত্যয় ঘটিয়ে নারীদের মধ্যে জমি বণ্টন করা হচ্ছে ঠিকই। কিন্তু বিষয়টি নীতিমালায় লিখিত না থাকলে জমি বণ্টনের সময় যাঁরা কাজ করবেন, তাঁদের মনমানসিকতার ওপর বিষয়টি নির্ভর করবে। আর মন্ত্রণালয় যদি নীতির বাইরে গিয়ে কাজটি করতে পারে, তাহলে নীতিটি পরিবর্তন বা সংশোধনে বাধা কোথায়?
জাতিসংঘের নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদ বা সিডও কমিটির সাবেক চেয়ারম্যান সালমা খান প্রথম আলোকে বলেন, নীতির বিভিন্ন শর্ত নারীদের জন্য অবমাননাকর। কৃষিকাজে নারীর দক্ষতা আছে। নারীকে সহায়তা দিতে চাইলে বা ক্ষমতায়ন করতে চাইলে এসব শর্ত বিলুপ্ত করা জরুরি। সক্ষম পুত্রসন্তান থাকলে তো সে নিজেই কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারে। সেই পুত্রসন্তান যদি মাকে দেখে তখন সেই নারীর তো খাসজমি পাওয়ার দরকার নেই। এ ক্ষেত্রে নারীর দারিদ্র্যসূচক বা অর্থনৈতিক অবস্থান, সেই নারীর ওপর নির্ভরশীলদের সংখ্যাসহ অন্যান্য দিক বিবেচনায় আসতে পারে।