খাসজমি ভরাট করে ইটভাটা নির্মাণের উদ্যোগ
পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের গোপালিয়া বাজারসংলগ্ন এলাকায় খাসজমিতে ইটভাটা নির্মাণের উদ্যোগ নিয়েছেন স্থানীয় একজন প্রভাবশালী। স্থানীয় ভূমি অফিস ওই খাসজমিতে লাল নিশান উড়িয়ে দিলেও দখলের প্রক্রিয়া বন্ধ হয়নি। দখলদার মাটি ভরাট করে দখলের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন।উপজেলা ভূমি অফিস ও স্থানীয় সূত্র জানায়, গোপালিয়া মৌজার ৩৪৫ ও ৩৪৬ নম্বর দাগের স্থানীয় মাপের ছয় শতাংশ নিজের জমি এবং এই জমিসংলগ্ন খাসজমির প্রায় পাঁচ একরে ইটভাটা নির্মাণের উদ্যোগ নেন একই এলাকার নাসিম হাওলাদার। শুরু করেন মাটি ভরাটের কাজ। খবর পেয়ে গত ১৮ সেপ্টেম্বর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৃণাল কান্তি দের নির্দেশে ভূমি কার্যালয়ের সার্ভেয়ার মিজানুর রহমান, কনকদিয়া ইউনিয়ন ভূমি সহকারী মো. মেহেদী হাসান সরকারি জমি উদ্ধারে মেপে প্রাথমিক পর্যায়ে নাসিমের দখলে নেওয়া ১ দশমিক ৬৪ একর খাসজমি চিহ্নিত করে লাল নিশান উড়িয়ে দেন। খবর পেয়ে নাসিমের লোকজন এসে বাকি জমি মাপতে বাধা দেয়। সার্ভেয়ার মিজানুর রহমান অভিযোগ করেন, তাঁরা ঘটনাস্থলে গিয়ে দখলে নেওয়া ১ দশমিক ৬৪ একর খাসজমি চিহ্নিত করে লাল নিশান উড়িয়ে দেন। পরে একই জায়গায় জেগে ওঠা নতুন চর মাপতে গেলে তাঁদের বাধা দেওয়া হয়। তবে নাসিম হাওলাদার বলেন, ‘আমার জমিতেই আমি ইটভাটা নির্মাণ করছি। আর যে জমি মাপছে, ওই জমিতে আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া আছে, তাই জমি মাপা যাবে না।’উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৃণাল কান্তি দে বলেন, খাসজমি ইচ্ছা করলেই কেউ দখল করতে পারে না। বিধি মোতাবেক সরকারি সম্পত্তি উদ্ধার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।