খাসজমিতে সরকারি কাঠে দলীয় কার্যালয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মাটিভাঙ্গা ইউনিয়নের কয়েকটি সরকারি গাছ কেটে সরকারি জায়গায় তৈরি করা হচ্ছে আওয়ামী লীগের কার্যালয়। স্থানীয় আওয়ামী লীগের নেতাদের দাবি, জেলা প্রশাসনের অনুমতি নিয়ে সরকারি জায়গায় তাঁরা কার্যালয় বানাচ্ছেন। তবে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অনুমতি দেননি বলে জানিয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, মাটিভাঙ্গা ডাকবাংলোর সামনের খাসজমিতে থাকা বড় আকারের ছয়টি মেহগনি গাছ মঙ্গলবার সকাল থেকে কাটা শুরু করেন আওয়ামী লীগের কয়েকজন নেতা। উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলম ফরাজী ও শেখ রাসেল স্মৃতি পাঠগারের সভাপতি মো. মফিজ ও ইউনিয়নের যুবলীগের সভাপতি মো. বখতিয়ার হোসেনের তত্ত্বাবধানে গাছ কাটা ও কার্যালয় নির্মাণের কাজ চলে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মাটিভাঙ্গা ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী তহসিলদার মো. মাসুম বিল্লাহ অভিযোগ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে গাছ কাটার ব্যাপারে খোঁজ নিতে তিনি ও কানুনগো মো. জমসেদ ঘটনাস্থলে গেলে আওয়ামী লীগের লোকজন তাঁদের লাঞ্ছিত করেন। অবস্থা বেগতিক দেখে তাঁরা সেখান থেকে চলে আসেন। শেখ রাসেল স্মৃতি পাঠগারের সভাপতি মো. মফিজের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জেলা প্রশাসকের অনুমতি নিয়ে মাটিভাঙ্গা ডাকবাংলোর কাছে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় নির্মাণ করা হচ্ছে। তবে ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মাস্টার মো. ইয়ার আলীর বলেন, ওই জায়গায় দলীয় কার্যালয় নির্মাণের কোনো সিদ্ধান্ত হয়নি। জায়গাটি ব্যক্তিগতভাবে দখলের জন্য দলের নাম ব্যবহার করা হচ্ছে।ইউএনও মো. শাওগাতুল আলম জানান, সরকারি জায়গার গাছ কাটা ও খাসজমি দখল করে কার্যালয় নির্মাণের কথা জানতে পেরে সেখানে পুলিশ ও ভূমি কার্যালয়ের লোক পাঠানো হয়েছে।