খাসজমির অধিকাংশই অবৈধ দখল ও মামলার ফাঁদে
‘১৫ বছর আগে খাসজমি বরাদ্দ পেলেও এখনো দখল পাইনি। উল্টা দখলদারের কাছ থেকে মামলা খাইছি। ২০১১ সালে মামলায় জিতলেও এখনো দখল পাই নাই।’ কথাগুলো বলছিলেন নীলফামারী জেলার ডোমারের ভূমিহীন কৃষক মানিক শেখ।
বরগুনার আরেক ভূমিহীন কৃষক মুজিবুল হক বললেন, ‘নিজেদের খাসজমিতে চাষ করতে গিয়ে ২৮-২৯টা মামলা খাইছি। আমরা বাঁইচ্যা থাকতে চাই। আমাগোরে মামলা থেইক্যা রেহাই দেন।’
আজ বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা ও জনগণের ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রান্তিক মানুষেরা এভাবেই নিজেদের কষ্টের কথা তুলে ধরেন। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা এসব প্রান্তিক মানুষ ভূমিদস্যুদের দৌরাত্ম্য, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি, প্রশাসনের অসহযোগিতাসহ নানা বিষয় তুলে ধরেন।
আলোচনার সূচনা করেন উন্নয়ন সংগঠন অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর। আর মূল প্রবন্ধ উপস্থাপন করেন একই সংগঠনের কর্মকর্তা শমসের আলী। ফারাহ কবীর বলেন, ভূমি ব্যবহার ও ব্যবস্থাপনা নীতি প্রান্তিক মানুষের জীবনে ব্যাপক প্রভাব ফেলছে এবং ভবিষ্যতেও ফেলবে।
আলোচনার প্রবন্ধে বলা হয়, সরকারি হিসাবে দেশে ১৮ লাখ ৪৩ হাজার ৭০৫ একর খাসজমি আছে। এর মধ্যে বন্দোবস্তযোগ্য জমি আছে ৪ লাখ ৫৭ হাজার ৫৬৪ একর। খাসজমির অধিকাংশই অবৈধ দখল ও মামলার ফাঁদে আটকে রয়েছে।
দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান আলোচনায় অংশ নিয়ে বলেন, বাংলাদেশের ভূমির ওপর বহুমুখী চাপ রয়েছে।
জনসংখ্যা, উন্নয়ন, অবকাঠামো, গ্রামীণ কৃষির ওপর আবাসন ও শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলাসহ নানা চাপ প্রতিনিয়ত রয়েছে। ক্রমাগত আবাসন, প্রভাবশালী মহলের আগ্রাসনে ভূমি চলে যাচ্ছে। অস্ত্রের মুখেও দখল করা হচ্ছে ভূমি।
২০১২ সালে টিআইবির খানা জরিপের বরাত দিয়ে ইফতেখারুজ্জামান বলেন, ‘ভূমির যে কয়েকটি সমস্যা রয়েছে, তার মধ্যে সবচেয়ে ভয়াবহ হলো দুর্নীতি। দুর্নীতির এ চক্রকে ভাঙতে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা।
দীর্ঘদিন ভূমি জরিপ না হওয়াকেই প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। এটি সময়সাপেক্ষ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জরিপের জন্য ৪৫টি উপজেলা নিয়ে একটি পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে। জমি রেজিস্ট্রেশন আইন মন্ত্রণালয়ের অধীনে এবং অন্যান্য কাজ ভূমি মন্ত্রণালয়ে হওয়ার কারণেও নানা সমস্যা হয়।
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি কমাতে আধুনিক পদ্ধতির ওপর গুরুত্ব দেন। তিনি মনে করেন, ভূমির ওপর দেশি ও বিদেশি বিনিয়োগ নতুন একটি সমস্যা। উত্পাদনশীলতা ও উন্নয়নের জন্য নয়, ভূমি ক্রয়-বিক্রয় ও শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে এ বিনিয়োগ হওয়ার কারণে মানুষ দ্রুত ভূমিহীন হয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংসদ পঞ্চানন বিশ্বাস, আফতাব উদ্দিন সরকার, রেজাউল হক, সামছুল হক দুদু, ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রমুখ।
গোলটেবিল বৈঠকটির আয়োজনে ছিল অ্যাকশন এইড বাংলাদেশ, ইউএসএস (নীলফামারী), এসকেএস (গাইবান্ধা), পুয়ামদো (পাঁচবিবি, জয়পুরহাট), বিডি ও বিএসডিও (নওগাঁ), মুক্তি নারী (কুষ্টিয়া), ইউএসএস (খুলনা), স্যাপ-বিডি (পটুয়াখালী), আভাস (বরিশাল), সুশিলন (বরগুনা) ও ভার্ড (সুনামগঞ্জ)।