‘১৫ বছর আগে খাসজমি বরাদ্দ পেলেও এখনো দখল পাইনি। উল্টা দখলদারের কাছ থেকে মামলা খাইছি। সেই মামলায় ২০১১ সালে জিতেছি৷ এখনো জমি পাই নাই।’ বলছিলেন, নীলফামারীর ডোমারের ভূমিহীন কৃষক মানিক শেখ৷
বরগুনার ভূমিহীন কৃষক মুজিবুল হকের অভিজ্ঞতা আরও খারাপ৷ তিনি বলেন, ‘নিজের নামে পাওয়া খাসজমিতে চাষ করতে গিয়ে মামলা খাইছি ২৮টা৷ আমরা বাঁইচ্যা থাকতে চাই৷ আমাগোরে মামলা থেইক্যা রেহাই দেন।’
গতকাল বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা ও জনগণের ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় মানিক শেখ, মুজিবুল হকসহ বিভিন্ন এলাকা থেকে আসা প্রান্তিক মানুষেরা তাঁদের ভোগান্তির কথা তুলে ধরেন৷ এই আলোচনার আয়োজন করে অ্যাকশন এইড বাংলাদেশসহ স্থানীয় পর্যায়ের কয়েকটি এনজিও৷
আলোচনার মূল প্রবন্ধে বলা হয়, সরকারি হিসেবে ১৮ লাখ ৪৩ হাজার ৭০৫ একর খাসজমি আছে। এর মধ্যে বন্দোবস্তযোগ্য জমি আছে ৪ লাখ ৫৭ হাজার ৫৬৪ একর৷ খাসজমির অধিকাংশই অবৈধ দখল ও মামলার ফাঁদে আটকে রয়েছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশের ভূমির ওপর বহুমুখী চাপ রয়েছে। জনসংখ্যা, উন্নয়ন, অবকাঠামো, গ্রামীণ কৃষির ওপর আবাসন ও শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলাসহ নানা চাপ প্রতিনিয়ত রয়েছে। প্রভাবশালী মহলের আগ্রাসনে ভূমি চলে যাচ্ছে। অস্ত্রের মুখেও দখল করা হচ্ছে৷ তিনি ২০১২ সালে টিআইবির খানা জরিপের বরাত দিয়ে বলেন, ভূমির যে কয়েকটি সমস্যা রয়েছে, তার মধ্যে সবচেয়ে ভয়াবহ হলো দুর্নীতি। তাঁর মতে, দুর্নীতির এ চক্র ভাঙতে দরকার রাজনৈতিক সদিচ্ছা৷
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি কমাতে আধুনিক পদ্ধতির ওপর গুরুত্ব দেন। তিনি মনে করেন, ভূমির ওপর দেশি-বিদেশি বিনিয়োগ নতুন একটি সমস্যা। উৎপাদনশীলতা ও উন্নয়নের জন্য নয়; ভূমি ক্রয়-বিক্রয় ও শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে এ বিনিয়োগ হওয়ার কারণে মানুষ দ্রুত ভূমিহীন হয়ে যাচ্ছে ।
ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী দীর্ঘদিন ভূমি জরিপ না হওয়াকেই প্রধান সমস্যা বলে মনে করেন৷ তিনি বলেন, জরিপের জন্য ৪৫টি উপজেলা নিয়ে একটি পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংসদ পঞ্চানন বিশ্বাস, আফতাব উদ্দিন সরকার, রেজাউল হক, সামছুল হক, ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ শফিউল আলম, অ্যাকশন এইড বাংলাদেশের এ দেশীয় পরিচালক ফারাহ কবীর প্রমুখ।