খাসজমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার দৌলতপুর নয়াকান্দি এলাকায় খাসজমি থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগে ১০ জন শ্রমিককে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। গত রোববার গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইসমতউল্লাহ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা করেন।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, এক মাস যাবৎ দৌলতপুর এলাকার আমানউল্লাহ, আলমগীর ও বশির মিয়ার নেতৃত্বে একটি চক্র মেঘনা নদীসংলগ্ন দৌলতপুর নয়াকান্দি এলাকার খাসজমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করে আসছে। রোববার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে মাটি কাটার সময় ১০ শ্রমিক ও দুটি মাটি বহনকারী নৌযান আটক করে। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, গতকাল সোমবার জরিমানার টাকা পরিশোধ করে ওই ১০ শ্রমিক থানাহাজত থেকে ছাড়া পান। শ্রমিক মজিবুর রহমান ও ইয়াসিন সরকার জানান, তাঁরা স্থানীয় আমানউল্লাহ, আলমগীর হোসেন ও বছির মিয়ার কাছ থেকে প্রতি ঘনফুট মাটি ১২ থেকে ১৩ টাকায় কিনে নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার ইটের ভাটায় বিক্রি করেন। খাসজমি থেকে মাটি বিক্রির বিষয়ে জানতে চাইলে আমানউল্লাহ বলেন, ‘আমি নিজের জমির মাটি বিক্রি করি।’ তবে জমির কাগজপত্র দেখতে চাইলে তিনি তা এড়িয়ে যান।