
গাজীপুর জেলায় খাসপুকুর আছে ৮৪৭টি। এর মধ্যে ইজারাযোগ্য পুকুর ৫২১টি। ১৯৫টি খাসপুকুর তিন বছরের জন্য ইজারা দেওয়া হয়েছে। ইজারা দেওয়া হয়নি এমন ৩৩টি খাসপুকুর নিয়ে মামলা চলছে।
গাজীপুর জেলা প্রশাসকের পক্ষে গতকাল রোববার হাইকোর্টে দাখিল করা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসকের প্রতিবেদনে বলা হয়, ইজারাবহির্ভূত জলমহালগুলোর বেশির ভাগ কালের বিবর্তনে প্রাকৃতিকভাবে শ্রেণী পরিবর্তিত হয়েছে এবং বর্তমানে মাছ চাষের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন এসব সরকারি পুকুরের কোনো সংস্কার না হওয়ায় ভরাট হয়ে যাওয়া পুকুরগুলো কর্তৃপক্ষের অগোচরে অবৈধ দখলদারদের কবলে পড়ে যাচ্ছে।
‘সরকারি পুকুর ভরাট করে দখলের হিড়িক’ শিরোনামে গত ১০ অক্টোবর প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়। এটি নজরে এলে সেদিনই আদালত স্বতঃপ্রণোদিত রুলসহ আদেশ দেন। রুলে গাজীপুর জেলার খাসপুকুর-জলাশয়, যেগুলো বেদখল হয়েছে বা বেদখলের পাঁয়তারা চলছে, তার তালিকা চাওয়া হয়। তালিকাভুক্ত ৩৮৪টি পুকুর এবং আরও যদি খাস জলাশয় থাকে যেগুলো বেদখল হয়েছে, তা পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। আদালত বেদখল হওয়া খাসপুকুর ও জলাশয় পুনরুদ্ধারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা-ও জানতে চান।
এর ধারাবাহিকতায় বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গতকাল জেলা প্রশাসকের পক্ষে প্রতিবেদন দাখিল করা হয়।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস প্রথম আলোকে জানান, আদালতে পুকুর ও জলাশয়ের তালিকা দেওয়া হয়েছে। তবে খাসপুকুর ও জলাশয়গুলো পুনরুদ্ধারে নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানাতে সময় চেয়েছে জেলা প্রশাসন। আদালত ৬০ দিন সময় দিয়ে আগামী বছরের ২৫ ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য করেছেন।
জেলা প্রশাসকের প্রতিবেদনে বলা হয়, ভরাট করা খাসপুকুর বা পুকুর পাড়ের অবৈধ দখলদার উচ্ছেদ করে তা পুনরুদ্ধারের জন্য জেলা প্রশাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যেসব খাসপুকুর অবৈধভাবে ভরাট করে দখল করা হয়েছে বা দখলের পাঁয়তারা চলছে, সেসব দখলদারের বিরুদ্ধে ক্ষতিপূরণ আদায়সহ ফৌজদারি মামলা করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।
প্রতিবেদনে সরকারের স্বার্থ রক্ষার্থে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য উপযুক্ত সময় দিতে অনুরোধ করা হয়। অবৈধ দখলদার উচ্ছেদ ও রক্ষণাবেক্ষণের লক্ষ্যে পর্যাপ্ত অর্থ বরাদ্দের জন্য ভূমি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা যেতে পারে বলেও প্রতিবেদনে বলা হয়। পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর আওতাভুক্ত খাসপুকুর বা জলাধার সংস্কার, রক্ষণাবেক্ষণ ও সৌন্দর্য বর্ধনের জন্য উন্নয়ন প্রকল্প গ্রহণের নির্দেশনা প্রদান করার অনুরোধ করা হয় প্রতিবেদনে।