খাসিদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, মিথ্যা মামলা তুলে নিয়ে আটক খাসিদের মুক্তি, চা-বাগানের সীমানা নির্ধারণ ও ৪০০ একর বনভূমি দখলমুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। গতকাল শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বাপা সরকারের কাছে এই দাবি জানায়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৩০ মে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের আসলম পুঞ্জিতে (নাহার-১) বসতঘর নির্মাণের সময় চা-বাগানের লোকজন খাসি নারী ও শিশুদের ওপর হামলা চালায়। তারপর খাসিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের ঘরছাড়া করা হয়। বর্তমানে খাসি নারী ও শিশুরা চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে।
সংবাদ সম্মেলনে লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, এ ধরনের ঘটনা সারা দেশেই ঘটছে। দুর্বল জনগোষ্ঠী হিসেবে খাসিদের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। তাদের উচ্ছেদের চেষ্টা ও তাদের ওপর নিপীড়ন সংবিধান ও মানবাধিকারের লঙ্ঘন।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেন, ভূমি দখল এখন সংস্কৃতিতে পরিণত হয়েছে। এই অপসংস্কৃতি রুখতে না পারলে দেশের সাধারণ মানুষ ভবিষ্যতে আরও কঠিন সমস্যায় পড়বে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, এ সংকট শুধু খাসিদের নয়, সমস্যা পুরো বাংলাদেশের।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য তুলে ধরেন বাপার যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ জামিল। এতে বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং প্রমুখ বক্তব্য রাখেন।