মৌলভীবাজারের বেলুয়া খাসিয়াপুঞ্জিতে স্থানীয় খাসি ও গারোদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি করেছে আট মানবাধিকার ও সামাজিক সংগঠন। আজ রোববার এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। সংগঠনগুলো বলেছে, খাসিদের নিরাপত্তা দিতে প্রশাসন সঠিক ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে।
বিবৃতিতে বলা হয়, গত বুধবার রাতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের বেলুয়া খাসিয়াপুঞ্জিতে স্থানীয় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অবলম্বন পানগাছ কেটে ফেলা হয়। ২৫ একর জমির পানজুমের ২ হাজার ৮০০ পানগাছ হারিয়ে এখন নিঃস্ব পাঁচ খাসিয়া ও গারো পরিবার। সামাজিক বনায়নের নামে দুষ্কৃতকারীরা এ ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয় আদিবাসীদের অভিযোগ। এতে তাদের প্রায় ১৮ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। এ ঘটনায় বেলুয়া পুঞ্জির হেডম্যান হেনরী তালাং আটজনকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এতে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। এই আসামিরা সব কটি টিলার পানজুমের ভূমি সামাজিক বনায়নের দাবি করে দখলের চেষ্টা চালাচ্ছে। এ নিয়ে তাদের বিরুদ্ধে কথা বললে খাসিয়াদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় প্রশাসন ক্ষতিগ্রস্ত আদিবাসীদের জীবিকার নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তা ছাড়া কথিত সামাজিক বনায়নের নামে আদিবাসীদের পানজুম দখলের অপচেষ্টায় বন বিভাগের ভূমিকাও প্রশ্নবিদ্ধ।
বিবৃতিতে বলা হয়, গত শুক্রবার বেলকুমা পুঞ্জির (পানাই পুঞ্জি নামেও পরিচিত) তিন খাসিয়া নারী-পুরুষ চিকিৎসার পর কুলাউড়া থেকে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন। এ ছাড়া কুকিজুরি পুঞ্জির এক খাসি এবং মুরইছড়া পুঞ্জির উজ্জ্বল নামের আরেক গারোকে পার্শ্ববর্তী বাঙালিরা বেধড়ক মেরে আহত করেছে। এটি পানগাছ কেটে ফেলার ঘটনারই ধারাবাহিক রূপ। শুধু তা-ই নয়, আক্রান্ত ব্যক্তিদের যারা সহায়তা দিয়েছে এবং নিরাপত্তাহীন পুঞ্জিগুলোর পাশে যেসব মানবাধিকারকর্মী দাঁড়িয়েছে, তাদেরও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হুমকি দেওয়া হচ্ছে। খাসিদের পুঞ্জির দোকানদারসহ অন্যদের পুঞ্জিতে খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ ও চলাচলেও বাধা সৃষ্টির অভিযোগও পাওয়া গেছে।
বিবৃতিতে বলা হয়, বংশপরম্পরায় পান চাষ করে জীবিকা নির্বাহ করা খাসিদের জীবন ও জীবিকার নিরাপত্তা দিতে রাষ্ট্রের প্রশাসন যথাযথ ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। এ ছাড়া সামাজিক বনায়নের নামে পানজুম ধ্বংস করে খাসি জনগোষ্ঠীকে উচ্ছেদের অপচেষ্টা চালাচ্ছে একটি মহল।
এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে পুঞ্জির অধিবাসীদের জীবন ও জীবিকার নিরাপত্তা ও উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করা হয়। এর পাশাপাশি অপরাধীদের দ্রুত গ্রেপ্তার দাবি করা হয়।
বিবৃতি দেওয়া সংগঠনগুলো হলো সম্মিলিত সামাজিক আন্দোলন, মানুষের জন্য ফাউন্ডেশন, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্মস অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি), নাগরিক উদ্যোগ, বাংলাদেশ আদিবাসী ফোরাম এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।