মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার একাধিক পুঞ্জি (খাসিদের গ্রাম) থেকে আদিবাসী খাসিদের উচ্ছেদ ও ভূমি দখলের জন্য খাসিদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা করা হয়েছে। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে এক সংবাদ সন্মেলনে এমন দাবি করা হয়েছে।
রাজধানী থেকে যাওয়া একটি নাগরিক প্রতিনিধিদল উপজেলার রাজঘাট ইউনিয়নের আসলম পুঞ্জি ও কাইলিন পুঞ্জিতে সরেজমিনে ঘুরে এসে এই সংবাদ সন্মেলনের আয়োজন করে। ১৪ সদস্যের প্রতিনিধিদলে ছিলেন শিক্ষক, গবেষক, আদিবাসী প্রতিনিধি ও সংবাদকর্মী।
সংবাদ সম্মেলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাজীব মীর বলেন, শ্রীমঙ্গলের নাহার চা-বাগানের আসলম খাসিয়া পুঞ্জিতে গত ৩০ মে আদিবাসী ও চা-শ্রমিকদের মধ্যে সংঘর্ষে গুলিতে নিতাই তাঁতি নামের এক চা-শ্রমিক মারা যান বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। নাগরিক প্রতিনিধিরা সরেজমিনে গিয়ে জানতে পারেন, নিতাই তাঁতি চা-শ্রমিক নন, তিনি কাঠমিস্ত্রি। ঘটনার দিন চা-বাগানের মালিকপক্ষ আসলম পুঞ্জিতে ঘর তুলতে তাঁকে সেখানে নিয়ে গিয়েছিলেন। সেখানে গোলাগুলির ঘটনা ঘটেনি। নিতাই আদিবাসীদের গুলিতে নিহত হয়েছেন বলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
লিখিত বক্তব্যে রাজীব মীর আরও বলেন, মূলত চা-বাগানের মালিক বাগান সম্প্রসারণের জন্য খাসিদের ভূমি দখল ও গাছ ব্যবসায়ীরা পুঞ্জির গাছ কেটে নেওয়ার জন্য উচ্ছেদের ষড়যন্ত্র করছে। স্থানীয় প্রশাসন আদিবাসীদের বিপক্ষে অবস্থান নিয়ে উচ্ছেদে সহায়তা করছে।
সংবাদ সম্মেলনে লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, রাজনৈতিক অঙ্গীকারের অভাবে জাতিগত সংখ্যালঘুদের ঐতিহ্যগত অধিকারগুলো সুরক্ষিত হচ্ছে না। একই কারণে প্রশাসনও তাঁদের পাশে দাঁড়ায় না। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য পরিবেশবাদী ও নাগরিক প্রতিনিধিদের সমন্বয়ে সরকারি তদন্ত কমিটি গঠনের দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্য, কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পল্লব চাকমা, বাংলাদেশ আদিবাসী ফোরামের সহসাধারণ সম্পাদক বিনোতাময় ধামাই।