খাসিয়া ও গারো শিশুরা পড়ছে মাতৃভাষার বই
আর সবার মতো আদিবাসী খাসিয়া ও গারো শিশুরাও নিজেদের মায়ের ভাষায় কথা বলতে শেখে। কিন্তু বড় হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানে মাতৃভাষার বই পড়ার কোনো সুযোগ ছিল না। এতে করে লেখাপড়ার প্রতি অনেকের আগ্রহ কমে যেত, প্রাথমিক পর্যায় শেষ হওয়ার আগেই ঝরে পড়ত অনেক শিক্ষার্থী।
আদিবাসী শিশুদের পড়ালেখায় আগ্রহী করতে ও ঝরে যাওয়া রোধ করতে খাসিয়া ও গারোদের মাতৃভাষায় শিশুদের দুটি বই প্রকাশ করেছে বেসরকারি সংস্থা ‘কারিতাস’। মৌলভীবাজারের কুলাউড়া ও বড়লেখা উপজেলার ১৮টি পুঞ্জিতে (গ্রাম) আদিবাসী শিশুদের পড়ানো হচ্ছে বই দুটি।
কারিতাসের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, সংস্থার ‘আলোঘর’ প্রকল্পের উদ্যোগে গত বছর থেকে কুলাউড়ার মুরইছড়া, এওলাছড়া, কুকিজুড়ী, ফানাই, ভালাইরমা, নিউরাঙ্গি, মেঘাটিলা, নুনছড়া, লুতিজুড়ী, পুরান চইলতা, আমুলি, নার্সারি ও মেরিনা এবং বড়লেখার ৭ নম্বর, ৫ নম্বর, মাধব, গান্ধাই ও বাতামোড়ল আদিবাসী পুঞ্জি শিশু শিক্ষাকেন্দ্র পরিচালিত হচ্ছে। এসব শিক্ষাকেন্দ্রে আদিবাসী খাসিয়া ও গারো সম্প্রদায়ের ৪৩০ জন শিক্ষার্থী পড়াশোনা করে। আর সেখানে পড়ান খাসিয়া ও গারো সম্প্রদায়ের ২২ জন তরুণ-তরুণী। মাতৃভাষায় শিক্ষাদানের লক্ষ্যে প্রকল্পের উদ্যোগে শিশু ও প্রথম শ্রেণির শিক্ষার্থীদের জন্য খাসিয়া এবং গারো ভাষায় দুটি বই প্রকাশিত হয়। খাসিয়া ভাষার বইটির নাম নাংপুলে ইয়াকা কিটিন লাজং ও গারো ভাষার বইটির নাম আংনি কুতাঙনি শিখ্না। দুটি ভাষার বইয়ের বাংলা অর্থ হচ্ছে, ‘এসো নিজের ভাষায় বই পড়ি’।
কারিতাসের আলোঘর প্রকল্পের কুলাউড়া কার্যালয়ের এলাকা সমন্বয়ক যতীন বাক্তি প্রথম আলোকে বলেন, আদিবাসী পুঞ্জিগুলো খুবই দুর্গম এলাকায়। সেখানকার শিশুরা মাতৃভাষায় কথা বলতে পারে। অথচ মাতৃভাষায় পড়ার জন্য তাদের কোনো বই ছিল না। স্থানীয় আদিবাসী খাসিয়া ও গারো সম্প্রদায়ের লোকজনের সহযোগিতায় দুটি বই প্রকাশ করা হয়। এসব বইয়ে বর্ণ পরিচিতি, সংখ্যা গণনা, ছড়া, কবিতা ও ছোট গল্প রয়েছে।
যতীন বাক্তি জানান, প্রতিটি শিক্ষাকেন্দ্রে বিভিন্ন শ্রেণিতে প্রতিদিন আধা ঘণ্টা করে মাতৃভাষার বই পড়ানো হয়। এ ছাড়া বাংলা, ইংরেজি, গণিতসহ অন্যান্য বইও সেখানে পড়ানো হয়। গত জানুয়ারি মাস থেকে মাতৃভাষার বই পড়ানো হচ্ছে।
সম্প্রতি সরেজমিনে বড়লেখার দুর্গম মাধবপুঞ্জি শিক্ষাকেন্দ্রে গিয়ে দেখা যায়, আদিবাসী শিশুদের পাঠদান চলছে। প্রথম শ্রেণির শিক্ষার্থী ঋতু লংডকিরি, পায়েল লংডকিরি, আরিয়ান মোছলসহ আরও কয়েকজন জানায়, মাতৃভাষার বই পড়ে তাদের খুব ভালো লাগে।
শিক্ষিকা অনুরূপা নংমিন বড়লেখা ডিগ্রি কলেজে স্নাতক শ্রেণিতে পড়েন। তিনি বলেন, ‘আমরা শৈশবে এ সুযোগ পাইনি। এখন শিশুরা সেটা পাচ্ছে। পড়াতে আমাদেরও ভালো লাগছে।’
আদিবাসী খাসিয়া ও গারোদের স্থানীয় আন্তপুঞ্জি সংগঠন ‘কুবরাজ’-এর সাধারণ সম্পাদক আদিবাসী নেত্রী ফ্লোরা বাবলি তালাং বলেন, ‘মাতৃভাষায় বই প্রকাশের পর আদিবাসী শিশুরা এখন বিদ্যালয়মুখী হচ্ছে। কারিতাসের উদ্যোগটি প্রশংসনীয়। আদিবাসীদের মাতৃভাষায় বই প্রণয়নে সরকারি উদ্যোগ প্রয়োজন।’
কুলাউড়ার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরীফ-উল-ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কারিতাসের দুটি বই দেখেছি। সেগুলো বেশ মানসম্মত; শিশুদের পড়ার উপযোগী। এই বই দুটি পাঠদানের জন্য প্রাথমিক শিক্ষা বিভাগ অনুমোদন করেছে। এ ছাড়া অন্যান্য ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর ভাষার মতো খাসিয়া ও গারো ভাষায়ও পাঠ্যপুস্তক প্রণয়নে সরকারি উদ্যোগ নেওয়া হচ্ছে।’