খাসিয়াদের ওপর হামলার বিচার দাবি বাপার
সিলেটের শ্রীমঙ্গলের খাসিয়াপল্লিতে হামলা, মিথ্যা মামলা, উচ্ছেদ চক্রান্ত ও বন ধ্বংসের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।
আজ শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব ঘটনার বিচার দাবি করেছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৩০ মে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের আসলম পুঞ্জিতে (নাহার-১) একটি বসতঘর নির্মাণের সময় চা-বাগানের লোকজন খাসিয়া নারী ও শিশুদের ওপর অতর্কিত হামলা চালায়। এরই জের হিসেবে মিথ্যা মামলা দিয়ে তাদের ঘরছাড়া করা হয়েছে। অরক্ষিত খাসিয়াপুঞ্জিতে বর্তমানে খাসিয়া নারী ও শিশুরা চরম উত্কণ্ঠায় দিন কাটাচ্ছে।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য তুলে ধরেন বাপার যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ জামিল। তাঁর ভাষ্য, চাশিল্পের উত্কর্ষের নামে বর্তমানে সিলেট অঞ্চলে যা করা হচ্ছে তা উদ্বেগের। এ সময় বাপার পক্ষ থেকে বেশ কিছু দাবি তুলে ধরেন তিনি।
দাবিগুলোর মধ্যে রয়েছে খাসিয়াদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, মিথ্যা মামলা তুলে নিয়ে আটক খাসিয়াদের মুক্তি, খাসিয়া উত্খাত প্রচেষ্টা বন্ধ করা, তাদের স্বাভাবিক জীবনযাপনের নিশ্চয়তাসহ ভূমি সমস্যার সমাধান, চা-বাগানের সীমানা নির্ধারণের পাশাপাশি অবৈধভাবে দখল করা ৪০০ একর বনভূমি থেকে নাহার চা-বাগানের মালিককে উচ্ছেদ করা, খাসিয়াদের থেকে ভাড়া বা কর আদায় স্থায়ীভাবে বন্ধ করা, পরিবেশ ও বনসংশ্লিষ্ট সব দপ্তরে দুর্নীতি বন্ধ করা।
লেখক, গবেষক সৈয়দ আবুল মকসুদ এ ধরনের ঘটনা সারা দেশেই ঘটছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, দুর্বল জনগোষ্ঠী হিসেবে খাসিয়াদের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। তাদের উচ্ছেদের চেষ্টা ও তাদের ওপর নিপীড়ন সংবিধান ও মানবাধিকারের লঙ্ঘন বলেও মন্তব্য করেন তিনি।
বাপার সাধারণ সম্পাদক ডা. আব্দুল মতিন খাসিয়াদের রক্ষা এবং বনভূমি ও জীববৈচিত্র্য ধ্বংসের প্রতিবাদে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং খাসিয়াদের ভূমি অধিকার রক্ষায় ভূমি কমিশন গঠনের দাবি জানান।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাসগুপ্ত নির্যাতিত খাসিয়াদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানান। তিনি বলেন, খাসিয়াদের এ সংকট শুধু তাদের নয়, পুরো বাংলাদেশের।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেন, ভূমি দখল এখন সংস্কৃতিতে পরিণত হয়েছে। এই অপসংস্কৃতি রুখতে না পারলে দেশের সাধারণ মানুষকে ভবিষ্যতে আরও কঠিন সমস্যায় পড়তে হতে পারে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্মল রোজারিও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. রহমতুল্লাহ প্রমুখ।