খাসিয়াদের নিয়ন্ত্রণে আনার আশ্বাস বিএসএফের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কথা দিয়েছে, তারা যেকোনো মূল্যে ভারতীয় খাসিয়াদের পুরোপুরি নিয়ন্ত্রণে আনবে। ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি পাথর শ্রমিকের নিহত হওয়ার ঘটনায় তারা মর্মাহত এবং খাসিয়াদের ওপর ক্ষুব্ধ। গতকাল শনিবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকে বিএসএফ এ আশ্বাস দেয় বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি-৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শফিউল আজম। প্রথম আলোকে তিনি বলেন, শুক্রবার ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি পাথর শ্রমিকের নিহতের ঘটনায় আমরা বিএসএফের কাছে কড়া প্রতিবাদ জানিয়ে এ নিয়ে পতাকা বৈঠকের আহ্বান করি। বিএসএফ তা গুরুত্বের সঙ্গে নেয়। সে অনুযায়ী আজ (গতকাল) বেলা ১১টা ৪০ থেকে ১২টা ২০ মিনিট পর্যন্ত বিছনাকান্দি সীমান্তের জিরো পয়েন্টে তাদের সঙ্গে পতাকা বৈঠক হয়।বিজিবির কর্মকর্তা শফিউল বলেন, বৈঠকটি ছিল খুবই সফল ও কার্যকর। বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে দেখছে। তারা কথা দিয়েছে, ভারতীয় খাসিয়াদের প্রথমে তারা সীমান্তের ব্যাপারে ‘মোটিভেশন’ করবে। তবে হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে বিছনাকান্দি সীমান্তবর্তী মানুষের প্রতি বিএসএফ বিশেষ অনুরোধ করেছে, তারা যেন কোনোভাবেই রাতের বেলা সীমান্তে অবস্থান না করে। কারণ এ সময় বিএসএফ বা বিজিবির অগোচরে এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। অবশ্য বিএসএফও অঙ্গীকার করেছে, তারা কখনো গুলি ছুড়বে না।পতাকা বৈঠকের পর বিজিবির কর্মকর্তারা বিছনাকান্দি গ্রামবাসীর সঙ্গে বৈঠক করেন। বিজিবির অধিনায়ক শফিউল বলেন, তাঁদের অনুরোধের পর এলাকাবাসী তাঁকে কথা দিয়েছে, রাতে কোনো অবস্থাতেই তারা জিরো পয়েন্টের কাছে বা জিরো পয়েন্ট অতিক্রম করবে না। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে আরও ছিলেন মেজর জিয়া, বিছনাকান্দি কোম্পানি বিওপির কমান্ডার ইমাম বক্সসহ ছয়জনের প্রতিনিধিদল। ভারতের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন ১০৮ বিএসএফ কমান্ড্যান্ট শ্রীহরিলাল। এদিকে এলাকাবাসী বলেছে, ‘বিএসএফ এ রকম অনেকবার আশ্বাস দিলেও কিন্তু কথা রাখেনি। এভাবে আমরা অনেক স্বজনকে হারিয়েছি।’প্রতিবাদ: ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি শ্রমিকের নিহতের ঘটনার প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন এবং সমমনা দলগুলো। বিএনপি নেতা ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী বলেন, যার মায়ের বুক খালি হলো তাকে এসব শুকনো সান্ত্বনা দিয়ে লাভ নেই। অবিলম্বে সীমান্ত সমস্যা সমাধান করতে হবে।সিলেট-৪ আসনের সাবেক সাংসদ ও জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি দিলদার হোসেন সেলিম প্রথম আলোকে বলেন, বিছনাকান্দি সীমান্তে দুই বাংলাদেশিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে তাঁরা গতকাল বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেন। সীমান্ত হত্যা বন্ধে ভবিষ্যতে তাঁরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।