খাসিয়াদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার নাহার খাসিয়াপুঞ্জিতে হামলার বিচার বিভাগীয় তদন্ত, হামলাকারীদের শাস্তি ও আদিবাসীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে সিলেট শহরে মানববন্ধন হয়েছে। বাংলাদেশ আদিবাসী ফোরাম সিলেট শাখা গতকাল মঙ্গলবার এই কর্মসূচির আয়োজন করে।
গতকাল সকালে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন চলাকালে সমাবেশও হয়। সমাবেশে আদিবাসী ফোরাম সিলেট শাখার সভাপতি গৌরাঙ্গ পাত্র সভাপতিত্ব করেন। আদিবাসীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সিলেট প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি আল-আজাদ, লেখক এ কে শেরাম, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ প্রমুখ।
মানববন্ধন থেকে আগামী ২০ দিনের মধ্যে মামলা প্রত্যাহার করার জন্য সময় বেঁধে দেয় আদিবাসী ফোরাম। এই সময়ের মধ্যে মামলা প্রত্যাহার করা না হলে সংগঠনটি চা-বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর আন্দোলনে নামার হুমকি দিয়েছে।