খাসিয়াপল্লিতে আতঙ্ক কাটছেই না!
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী নাহার-১ পানপুঞ্জির বাসিন্দা আদিবাসী খাসিয়াদের মনের আতঙ্ক যেন কাটছেই না। ঘটনার পর চার দিন পেরিয়ে গেছে। এখনো তারা স্বাভাবিক হতে পারেনি। গত শনিবার রাতে তাদের জুমে হানা দিয়ে দুষ্কৃতকারীরা প্রায় এক হাজার পানগাছের গোড়া কেটে দিয়েছে। গত বুধবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা সদর থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে আদিবাসী ওই খাসিয়াপল্লি ঘুরে নারী-পুরুষ-শিশু সবার চোখেমুখে আতঙ্কের ছাপ লক্ষ করা গেছে।পুঞ্জির বাসিন্দা ড্যানিয়েল সুমের ও বেতসেবা আমসে সরেজমিনে নিয়ে দেখালেন সাজানো পানের জুমে দুষ্কৃতকারীদের সেদিনের সেই তাণ্ডবের ক্ষতচিহ্ন। পানের গাছগুলো অন্য গাছগুলোকে সাপের মতো জড়িয়ে ধরে রয়েছে ঠিকই, কিন্তু তাতে পাতা নেই। অর্ধেক কাটা গাছগুলোকে বিশেষ পদ্ধতিতে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। শুধু ওই গাছগুলোতেই কিছু পাতা রয়েছে। তবে হলুদ বর্ণ ধারণ করে অনেকটাই নেতিয়ে পড়েছে।পুঞ্জিবাসীরা জানায়, গত শনিবার রাতে দুষ্কৃতকারীরা জুমে হানা দিয়ে নিমাই পংতামের প্রায় ৫০০ পানগাছ, যৌথ মালিকানার ৩০০ এবং ডেবারমিন পংতামের ২০০ পানগাছের গোড়া কেটে দিয়েছে। এর আগে গত এপ্রিল মাসের মাঝামাঝি দুষ্কৃতকারীরা আরও তিনবার কয়েক শ পানগাছের শেকড় কেটেছিল। সে সময় একাধিকবার পান চুরির ঘটনাও ঘটে। পুঞ্জির বাসিন্দা ফেন্সি স্যুটিং, দাইমন লামিন, ডেসি আমসে, আইরিন পালাংসহ আরও কয়েকজন আদিবাসী নারী বলেন, ‘কিছুদিন পরপর এসব ঘটনায় আমরা আতঙ্কিত। শনিবারের ঘটনায় আমাদের কমপক্ষে চার লাখ টাকা ক্ষতি হয়েছে। এ ঘটনার পর কয়েকটি পরিবার দুবেলা খেতেও পারছে না।’ পুঞ্জির বাসিন্দারা জানায়, একেকটি পানগাছ থেকে ৩০-৩৫ বছর পর্যন্ত পাতা পাওয়া যায়। পানপাতাই তাদের জীবন-জীবিকার একমাত্র অবলম্বন। পুঞ্জির সহকারী প্রধান ডেবারমিন পংতাম বলেন, জুমের পান চুরি ও গাছ কাটা ছাড়াও গত ১৬ জুন পুঞ্জি থেকে তাঁদের উচ্ছেদ করার চেষ্টা করা হয়েছিল। এসব ঘটনায় আতঙ্কিত হয়ে গত ২২ জুন তিনি মৌলভীবাজারের জেলা প্রশাসকের কাছে পুঞ্জির নিরাপত্তা চেয়ে আবেদন করেন।পুঞ্জির প্রধান নোবার লাপাসাম বলেন, ‘নাহার চা-বাগানের কাছ থেকে ১৯৮৪ সালে প্রথমে ১৫০ একর, পরে আরও ৫০ একর জমি ইজারা নিয়ে ২৮টি খাসিয়া পরিবার এখানে বসতি স্থাপন এবং পান চাষ করছে। পরে জেনেছি আমাদের ইজারা নেওয়া জমির বেশির ভাগ অংশই সরকারি খাসজমি, যা চা-বাগানের অংশ নয়। কিন্তু তিন বছর ধরে চা-বাগান কর্তৃপক্ষ এখান থেকে আমাদের সরে যেতে নানাভাবে চাপ প্রয়োগ করছে।’নাহার চা-বাগানের ব্যবস্থাপক পীযূষ কান্তি ভট্টাচার্য বলেন, চা-বাগান কর্তৃপক্ষ তাদের এখান থেকে সরে যেতে চাপ দিচ্ছে—এ অভিযোগ সত্য নয়। বরং তাদের মধ্যেই অন্তর্কলহের কারণে পান চুরি, গাছ কাটা বা হামলার ঘটনা ঘটছে।শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ বলেন, গত শনিবারের পানগাছ কাটার ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। একজন উপপরিদর্শককে (এসআই) ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। দোষীদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।