খাসিয়াপুঞ্জি এলাকায় গাছ নিধনের প্রতিবাদে সিলেটে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নাহার চা-বাগানের খাসিয়াপুঞ্জি এলাকায় গাছ নিধনের প্রতিবাদে স্থানীয় আদিবাসীরা গতকাল শুক্রবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেছে। সিলেটের আদিবাসী জনগোষ্ঠীর ব্যানারে এ মানববন্ধন আয়োজন করা হয়। এতে আদিবাসীদের স্বার্থ রক্ষায় ছয় দফা দাবি উত্থাপন করা হয়।সকাল ১০টায় এই মানববন্ধনে আদিবাসী জনগোষ্ঠী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা একাত্মতা ঘোষণা করেন। মানববন্ধন শেষে সমাবেশে আদিবাসী নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী সুমেলা পাত্রের সভাপতিত্বে সংহতি প্রকাশ করে গণতন্ত্রী পার্টির সিলেট জেলা সভাপতি আরশ আলী, সিপিবির জেলা সভাপতি বেদানন্দ ভট্টাচার্য, সিলেট পরিবেশ আন্দোলনের সদস্যসচিব আবদুল করিম, পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদের সভাপতি গৌরাঙ্গ পাত্র, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি যোসেফ হাউই প্রমুখ বক্তব্য দেন।বক্তারা আশঙ্কা প্রকাশ করেন, খাসিয়া পানপুঞ্জিতে গাছ নিধনের ফলে সেখানে বসবাসরত ৭০টি পরিবারের পাঁচ শতাধিক সদস্য বাস্তুচ্যুত ও পেশাবঞ্চিত হবে। বক্তারা বলেন, আদিবাসীরা প্রকৃতির সন্তান। আদিবাসীদের স্বার্থবিরোধী তৎপরতা প্রকৃতি বিরোধিতার শামিল। তাদের রক্ষায় সরকারকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।