খাসিয়াপুঞ্জিতে জীবনের পাঠশালার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসী খাসিয়া সম্প্রদায়ের শিক্ষাবঞ্চিত শিশুদের প্রাক্-প্রাথমিক শিক্ষা প্রদানের লক্ষ্যে লাউয়াছড়া খাসিয়াপুঞ্জিতে জীবনের পাঠশালার উদ্বোধন করা হয়েছে। জীবনের পাঠশালায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে কর্মশিক্ষা প্রশিক্ষণও দেওয়া হবে। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া খাসিয়াপুঞ্জিতে উইমেন এন্টারপ্রিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ওয়েব) উদ্যোগে পাঠশালাটি প্রতিষ্ঠা করা হয়েছে। বিজয় দিবস উপলক্ষে গত শুক্রবার জীবনের পাঠশালার উদ্বোধন করেন ওয়েবের সভাপতি নাসরিন আওয়াল। পরে তাঁর সভাপতিত্বে এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লাউয়াছড়া খাসিয়াপুঞ্জির মন্ত্রী (পুঞ্জি-প্রধান) ফিলা পতমি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওয়েব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শাহরুখ রহমান, সিলেটের বিভাগীয় সভাপতি অনিতা দাশগুপ্তা, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ফেরদৌসী সুলতানা, সাংবাদিক সালেহ এলাহি, নারীনেত্রী রোকেয়া মাহবুব চৌধুরী, জীবনের পাঠশালার শিক্ষিকা রেখা মারচিং প্রমুখ।সভায় বক্তারা জীবনের পাঠশালার সাফল্য কামনা করে মৌলভীবাজার জেলার অন্যান্য খাসিয়াপুঞ্জিতেও এই ধরনের স্কুল প্রতিষ্ঠার আহ্বান জানান। সভায় শতাধিক খাসিয়া নারী-পুরুষ ও শিশু উপস্থিত ছিল। শেষে ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।