খাসিয়ারা ফের সীমান্ত পার হয়ে সিলেটে বিডিআরের বাধা
সিলেটের তিনটি সীমান্ত অতিক্রম করে গতকাল রোববার বিএসএফের সহযোগিতায় ভারতীয় খাসিয়ারা আবারও বাংলাদেশের ভেতর ঢোকে। তবে বিডিআর ও স্থানীয় জনতার বাধার মুখে খাসিয়ারা ওপারে চলে যায়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকালে বিএসএফের সহায়তায় ১০টি নৌকায় করে খাসিয়ারা সিলেটের জৈন্তাপুরের ডিবির হাওর এলাকায় প্রবেশ করে। তারা বাংলাদেশের ভেতর প্রায় ৭০ গজ ঢুকে পড়লে বিডিআর বাধা দেয়। বেলা ১১টার দিকে গোয়াইনঘাটের পাদুয়া ও তামাবিল সীমান্তেও খাসিয়ারা প্রবেশ করে কয়েক একর জায়গায় সবজির চাষ শুরু করে। বিডিআর তখন লাল পতাকা উঁচিয়ে প্রতিবাদ জানালে বিকেল সাড়ে চারটার দিকে খাসিয়ারা ওপারে চলে যায়।২১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার জহিরুল আলম প্রথম আলোকে বলেন, ‘বিডিআরের মহাপরিচালকের পরিদর্শনের পাঁচ দিনের মাথায় এ ধরনের অনুপ্রবেশ দুঃখজনক। আমরা মহাপরিচালকের নির্দেশমতো সহনশীল অবস্থায় প্রতিবাদ জানিয়েছি। বিষয়টি বিডিআরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’ জানা যায়, এর আগে গত ফেব্রুয়ারি মাসে কয়েক দফা ভারতীয় খাসিয়াদের বাংলাদেশে অবৈধ প্রবেশ নিয়ে বিডিআর-বিএসএফ গুলিবিনিময় হয়। ২ মার্চ সিলেটের সীমান্ত এলাকা পরিদর্শনে গিয়ে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম সীমান্তে বিরোধপূর্ণ ভূমি নিয়ে বিদ্যমান জটিলতা কূটনৈতিকভাবে সমাধানের আশ্বাস দেন।