খাস্তগীর স্কুলের শিক্ষার্থীদের মেধা বৃত্তি প্রদান
চট্টগ্রাম নগরের ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়ের ৬৭ জন মেধাবী ছাত্রীকে বৃত্তি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ডা. গৌতম খাস্তগীর মেধা ফাউন্ডেশন স্কুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই বৃত্তি দেওয়া হয়।
ভারতের বিখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ গৌতম খাস্তগীর ২০০৮ সালে খাস্তগীর স্কুলের শিক্ষার্থীদের জন্য এই মেধা ফাউন্ডেশন গঠন করেন। প্রাথমিকভাবে তিনি ওই তহবিলে ১০ লাখ টাকা দান করেন। ওই টাকা ব্যাংকে রাখা হয়। সেই টাকা বেড়ে ১৪ লাখ ৩৫ হাজার টাকায় দাঁড়ায়। সেখান থেকে ৪ লাখ ৩৫ হাজার টাকা ৬৭ শিক্ষার্থীকে বৃত্তি হিসেবে দেওয়া হয়েছে।
বৃত্তি প্রদান উপলক্ষে গতকাল বিকেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি এবং নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। তিনি গৌতম খাস্তগীর মেধা ফাউন্ডেশন তহবিলে ১০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন।
অনুষ্ঠানে ছাত্রীদের ভালো করে পড়ালেখা করার আহ্বান জানান মহিউদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন গৌতম খাস্তগীর। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।