বান্দরবানের রোয়াংছড়িতে ভালুকের সঙ্গে এক ব্যক্তির লড়াইয়ের পর উঁচু পাহাড় থেকে পড়ে উভয়ের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে খাড়া পাহাড়ের নিচ থেকে লোকজন ভালুক ও ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, রোয়াংছড়ি উপজেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে নোয়াপতং ইউনিয়নের নাসালংপাড়ার বাসিন্দা মংচউ মারমা (৩৭) খাড়া পাহাড়ের জঙ্গলে বাঁশ কাটতে যান। রোববার বিকেল পাঁচটায় বাঁশ কাটা শেষে তাঁকে একটি পুরুষ ভালুক আক্রমণ করে।
নোয়াপতং ইউপির চেয়ারম্যান সম্ভু কুমার তঞ্চঙ্গ্যা জানান, জীবন রক্ষার চেষ্টায় মংচউ মারমাও ধারালো দা দিয়ে ভালুকের ওপর আক্রমণ করেন। ভালুকের সঙ্গে মংচউর লড়াইয়ের সময় কিছুটা দূর থেকে অংসুয়ে মারমা ও মংহ্রী মারমা নামের দুজন দেখেছিলেন। তাঁরাও পার্শ্ববর্তী পাড়া থেকে ওই পাহাড়ের জঙ্গলে বাঁশ কাটতে গিয়েছিলেন।
প্রত্যক্ষদর্শী ওই দুজনের উদ্ধৃতি দিয়ে রোয়াংছড়ি থানার পুলিশের উপপরিদর্শক জাবেদুল ইসলাম বলেন, পাড়া থেকে প্রায় পাঁচ-ছয় কিলোমিটার দূরে বাঁশ কাটতে যাওয়া জায়গাটি অত্যন্ত উঁচু ও খাড়া। পাহাড়ের নিচে বড় বড় প্রাকৃতিক পাথর রয়েছে। লড়াই করতে করতে মংচউ ও ভালুক উভয়ই খাড়া পাহাড় থেকে পাথরের ওপর পড়ে যায়। সঙ্গে সঙ্গে উভয়ের মৃত্যু হয়।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সাত্তার বলেন, দরিদ্র বাঁশ কাটা শ্রমিক মংচউ মারমার মৃত্যু অত্যন্ত মর্মান্তিক।