খাড়া পাহাড়ে ঝুঁকি নিয়ে থাকছে দুই শ পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানে সড়কের কিনারে খাড়া পাহাড়ের চূড়ার এই বাড়িটি সড়ক ও জনপথ বিভাগের ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে। বাড়ির ধার ঘেঁষে পাহাড়ের কাটা অংশ সোজা নেমে এসেছে রাস্তায়। ছবিটি গত শুক্রবার বান্দরবান-কেরানীহাট সড়কের কসাইপাড়া থেকে তোলা l প্রথম আলো
বান্দরবানে সড়কের কিনারে খাড়া পাহাড়ের চূড়ার এই বাড়িটি সড়ক ও জনপথ বিভাগের ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে। বাড়ির ধার ঘেঁষে পাহাড়ের কাটা অংশ সোজা নেমে এসেছে রাস্তায়। ছবিটি গত শুক্রবার বান্দরবান-কেরানীহাট সড়কের কসাইপাড়া থেকে তোলা l প্রথম আলো

বান্দরবানে বিভিন্ন সড়কের কিনারের খাড়া পাহাড়ে দুই শতাধিক পরিবার মারাত্মক ঝুঁকির মধ্যে বসবাস করছে বলে জেলার সড়ক ও জনপথ বিভাগের জরিপে উঠে এসেছে। এসব ঝুঁকিপূর্ণ পরিবারকে সরিয়ে না নিলে যেকোনো সময় পাহাড়ধসে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে সরে যেতে বলা হয়েছে। চলছে পরিবারগুলোর তালিকা তৈরির কাজ।

সওজের জরিপ বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, এ বছরের জানুয়ারি মাসে সড়কের পাশে ঝুঁকিপূর্ণ বসতির তালিকা তৈরি করেছিল সওজ বিভাগ। সড়কের ওপর পাহাড়ধসের ঝুঁকি নিরূপণ করতেই এই জরিপ করা হয়েছিল।

জরিপ অনুযায়ী, জেলায় পাহাড় ঘেঁষে বসবাস করা সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরিবারের সংখ্যা ১৪৪টি। এর মধ্যে বান্দরবান-কেরানীহাট সড়কের বান্দরবানের অংশে ৬৫টি, একই সড়কের মেঘলা পর্যটনের পুরোনো সড়কের অংশে ৬০টি, বান্দরবান-রোয়াংছড়ি সড়কে ৭টি, আজিজনগর-গজালিয়া সড়কে ১০টি ও বান্দরবান-বাঙ্গালহালিয়া সড়কে ২টি পরিবার বসবাস করছে। এ পরিবারগুলোকে জরুরি ভিত্তিতে সরানো না হলে যেকোনো সময় পাহাড়ধসে প্রাণহানি ঘটতে পারে। পাশাপাশি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ারও আশঙ্কা রয়েছে। এ ছাড়া কম ঝুঁকিপূর্ণ আরও প্রায় এক শ পরিবার সড়কের কিনারে বসবাস করছে।

বান্দরবানের সওজের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের জরিপ কর্মকর্তা শরীফ হোসেন বলেছেন, সড়কের কিনারে বসবাসকারীরা কেউ কেউ নিজেদের জমিতে, আবার অনেকে সওজের জায়গায় বসবাস করে। নানা রকম জটিলতার কারণে তাদের উচ্ছেদও করা যাচ্ছে না। সরে যাওয়ার জন্য বলা হলেও তারা যাচ্ছে না। তাদের বাড়িঘর থাকায় সড়ক চওড়া করে ঝুঁকিমুক্ত করাও সম্ভব হচ্ছে না। এ অবস্থায় তাদের প্রাণহানির ঝুঁকি ও সড়কের জন্য বিপজ্জনক অবস্থার সৃষ্টি হয়েছে।

গত শুক্রবার বান্দরবান-কেরানীহাট সড়কের মানুরটেক, কসাইপাড়া, মেঘলা পর্যটন এলাকা ঘুরে দেখা যায় পাহাড় কেটে ঝুঁকিপূর্ণভাবে বসতি স্থাপনকারী লোকজন ধসের আশঙ্কা নিয়েও বাড়ি ছাড়ছে না। গত সোমবারের ভারী বৃষ্টিপাতের সময় এসব এলাকায় কয়েকটি বাড়ির ওপর পাহাড়ধসের ঘটনা ঘটেছে বলে জানায় বাসিন্দারা। ধসে পড়া অংশ আড়াল করার জন্য বাড়ির মালিকেরা প্লাস্টিকের আবরণ দিয়ে ঢেকে রেখেছেন। 

শহরের কসাইপাড়া এলাকায় সড়কের ধার ঘেঁষেই কয়েক শ ফুট উঁচু খাড়া পাহাড়। ওই পাহাড়ে বসবাসকারী আবুল বশর জানালেন, সেখানে শতাধিক পরিবার প্রায় ৩০ বছর ধরে বসবাস করে। কিন্তু এবারের বৃষ্টিতে যে রকম ঝুঁকিপূর্ণ অবস্থা হয়েছে, সে রকম আগে কখনো হয়নি। প্রতিবছর বর্ষায় পাহাড়ের মাটি ক্ষয়ে যাচ্ছে। দিন দিন তাই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে তাদের বাসস্থান। কিন্তু অন্য কোথাও সরে যাওয়ার জায়গা নেই বলে থাকছে এখানেই।

বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মাকসুদ চৌধুরী বলেছেন, পাহাড়ে ও নিচু এলাকায় যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে, তাদের তালিকা তৈরি করা হচ্ছে। এই তালিকার সঙ্গে সওজের তালিকাও অন্তর্ভুক্ত করা হবে। তালিকা তৈরি শেষ হলেই বাসিন্দাদের সরিয়ে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।