খায়রুজ্জামানের ক্ষোভ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় নিয়োগ না দেওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর ক্ষোভ ঝেড়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন। তিনি উপাচার্যের উদ্দেশে বলেছেন, ‘আপনি আপনার যোগ্যতায় ভিসি হননি। প্রোভিসি হননি। আপনি আওয়ামী লীগ করেন বলে ভিসি-প্রোভিসি হয়েছেন। এই কথাটি ভুলে যাবেন না।’
জেলহত্যা দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খায়রুজ্জামান এসব কথা বলেন। গতকাল বুধবার দুপুরে ক্যাম্পাসে সংগঠনটির টেন্টে এ সভার আয়োজন করা হয়।
খায়রুজ্জামান উপাচার্যের উদ্দেশে বলেন, ‘যাদের পিঠে পা দিয়ে সিঁড়ি বানিয়ে আজকে ভিসি, প্রোভিসি হয়েছেন, দয়া করে আল্লাহরওয়াস্তে সেটার প্রতিদান দেন। তা না হলে যখন সবকিছু হারিয়ে যাবে, রাস্তা দিয়ে চলাও কিন্তু খুব কঠিন হয়ে যাবে। রাস্তা দিয়ে কীভাবে যাবেন? মানুষের ধিক্কার, মানুষের চিৎকার সহ্য করতে হবে মৃত্যু পর্যন্ত।’
সাবেক এই মেয়র বলেন, ‘ছাত্রলীগের নেতা-কর্মী সজাগ আছে। পার্শ্ববর্তী ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সজাগ আছে বলেই খুনির দল কিছু করতে পারছে না। প্রশাসন আছে খুব আরামে। প্রশাসন বলতে যে দুজনকে বোঝায় তাঁরা আমাদেরই খুব কাছের মানুষ। আমার তো ভীষণ কাছের মানুষ। কিন্তু কাছের মানুষ থেকে লাভ কী, কাছের মানুষ যদি দলের নেতা-কর্মীর মূল্যায়ন না করেন, সেই কাছের মানুষ থেকে কোনো লাভ নেই।’
উপাচার্যের উদ্দেশে খায়রুজ্জামান আরও বলেন, ‘আমার বন্ধুর মতো একজন। কথা দিয়েছিলেন তিনি—“আমি একবার শুধু হই লিটন ভাই, আমি আপনার লিস্ট ধরে ধরে চাকরি দেব।”’ ‘আমরা লিস্ট দিয়েছিলাম প্রায় বছর দেড়-দুই আগে। সেই লিস্ট কোথায় গেল, আমি জানি না। তাঁদের বাড়িতে ডিম পাড়ছে কি না, ডিমে তা দিচ্ছে কি না, জানি না।’ তিনি আরও বলেন, ‘এত শান্তিপূর্ণভাবে ক্যাম্পাস চালাচ্ছেন, মনে করছেন আপনাদের দক্ষতা? না।’
জাতীয় নেতা শহীদ এ এইচ এম কামারুজ্জামানের ছেলে এও বলেন, ‘চারদলীয় জোট যদি একবারেই ৫৪৪ জনকে নিয়োগ দিতে পারে, আপনারা কি ১৪৪ জনও দিতে পারেন না? এতই আপনারা স্বচ্ছ হয়ে গেলেন?’
যোগাযোগ করলে উপাচার্য মুহাম্মদ মিজানউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘জেলহত্যা দিবস নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হলেও এটা কতটা পূরণ হয়েছে তা আপনারাই দেখবেন।’
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় আরও বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান।