রাজধানীতে গতকাল মঙ্গলবার পৃথক অনুষ্ঠানে বিএনপির নেতারা অভিযোগ করেছেন, বিদায়ী প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সাংবিধানিক সংকট তৈরি করে গেছেন। তাঁকে কোনো অবস্থাতেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করতে দেওয়া হবে না বলেও হুমকি দেন তাঁরা।ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, সংবিধান সংশোধন হলে সাংবিধানিক সংকটে এই সরকারের পতন ঘটবে। তাদের উচিত, সংবিধানে হাত না দিয়ে যেভাবে আছে, সেভাবে রাখা।লেবার পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা আবদুল মতিনের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলটি এই আলোচনা সভার আয়োজন করে। লেবার পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এতে সভাপতিত্ব করেন।জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারও বিদায়ী প্রধান বিচারপতির বিরুদ্ধে দেশে সাংবিধানিক সংকট তৈরির অভিযোগ করেছেন। তিনি বলেন, খায়রুল হক যে ক্ষতি করেছেন, তা বহুকাল দেশের মানুষকে বয়ে বেড়াতে হবে। কোনো অবস্থাতেই তাঁকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করতে দেওয়া হবে না।এম কে আনোয়ারের দাবি, বিদায়ী প্রধান বিচারপতি পঞ্চম সংশোধনী বাতিল করে পৃথিবীর এমন কোনো ‘গালি’ নেই, যা রায়ে লেখেননি। অথচ চতুর্থ সংশোধনী সম্পর্কে একটি কথাও বলেননি।এগ্রিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশ আয়োজিত ‘আসন্ন বাজেট: জনগণের ভাবনা’ শীর্ষক এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন এম কে আনোয়ার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক পরিচালক ফজলুল হকের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোশাররফ হোসেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল লতিফ, সাংবাদিক রেজোয়ান সিদ্দিকী প্রমুখ।ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অপর এক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সরকার সব রাজনৈতিক ‘অপকর্ম’ আদালতের মাধ্যমে করার জন্য দলীয়করণ করেছে। জ্যেষ্ঠতা লঙ্ঘন করে বিচারকদের নিয়োগ দেওয়া হচ্ছে। ৫৩ জনকে ডিঙিয়ে দুজন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন প্রধান বিচারপতির নিয়োগও হয়েছে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে।মওলানা ভাসানীর ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এই আলোচনা সভার আয়োজন করে।