খায়রুল হকই মূল রূপকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারপতি এ বি এম খায়রুল হকের সঙ্গে ঘণ্টাব্যাপী কথা হলো তাঁর দপ্তরে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল মামলার মূল রায়দানকারী হিসেবে রাজনৈতিকভাবে সব থেকে আলোচিত হওয়ার পর আবার তিনি আলোচনায় ফিরেছেন। দুই মেয়াদে সংসদ নির্বাচন করার বিধান রেখেছিলেন তিনি। কেন সংসদ তা মানেনি, সেই প্রশ্নে তিনি গতকাল স্মরণ করিয়ে দেন যে তিনি বলেছিলেন, ‘ইচ্ছে করলে তা করা যেতে পারে’। তিনি বলেন, সংসদ এটা করেনি। তবে সর্বোচ্চ আদালতের রায়ের পর্যবেক্ষণের বিরাট গুরুত্ব ও তাৎপর্য রয়েছে—তিনি তা উল্লেখ করেন।

দেশের নিম্ন আদালতের প্রায় ১ হাজার ৫০০ বিচারকের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলাবিধি নিয়ে সরকারের সঙ্গে সুপ্রিম কোর্টের দীর্ঘ টানাপোড়েন চলছে। কয়েক মাস ধরে অচলাবস্থা বিরাজ করছে। সরকার এত দিন যা বলে আসছিল, সেটা গতকাল তিনি স্পষ্ট করলেন। আগামী রোববার গেজেট করার পরবর্তী শুনানি। তিনি বলেন, গেজেট করা না-করা রাষ্ট্রপতির একান্ত এখতিয়ার। তিনি অবাক করে দিয়ে বলেন, ‘সংবিধান রাষ্ট্রপতিকেই বিধি করতে বলেছে’।

চতুর্থ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতির হাতে আংশিক ক্ষমতা গেলেও সুপ্রিম কোর্টের এখতিয়ার সংবিধানে স্বীকৃত—এ কথা স্মরণ করিয়ে দিলে তিনি বলেন, আলাদাভাবে বিধি তৈরির বিষয়টি যখন রাষ্ট্রপতির কাছে ন্যস্ত করা আছে, তখন কীই-বা করার থাকে? এতবার সময় নেওয়া-দেওয়ায় তিনি বিস্মিত। কারণ, তাঁর কথায়, ‘এটা তো রাষ্ট্রপতির একান্ত এখতিয়ারের বিষয়।’ এর আগে আরও চারটি মামলায় আপিল বিভাগ অধস্তন আদালতের শৃঙ্খলার বিষয় সুপ্রিম কোর্টের কাছে থাকার সিদ্ধান্ত দিয়েছেন বলে তাঁকে পাল্টা প্রশ্ন করলে তিনি তা আমলে নেননি।

তাঁর সাক্ষাৎকারে প্রতীয়মান হয় যে ষোড়শ সংশোধনীর প্রধান ছায়া রূপকার তিনিই। কারণ, আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে তিনিই তাঁর একটি রিপোর্টে প্রথমবারের মতো সুপ্রিম কোর্টের বিচারকদের সংসদীয় অপসারণব্যবস্থা ফিরিয়ে আনার সুপারিশ করেছিলেন।

 আইন কমিশনের ৯০ ভাগের বেশি সুপারিশ হিমাগারে থাকলেও ২০১৪ সালে দেওয়া ওই সুপারিশই সরকার দ্রুত লুফে নিয়েছে। ২০১৫ সালে তিনি এ বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট দেন। এমনকি আপিল বিভাগের শুনানির মধ্যে তিনি বিচারক অপসারণ-সংক্রান্ত তদন্তের জন্য আইনের খসড়াও করেছেন। প্রাথমিক তদন্তের কমিটিতে ১০ জন সাংসদকে রাখার প্রস্তাবটিও তাঁর। গতকাল তাঁকে এর যথার্থতা নিয়ে প্রশ্ন করি। তখন তিনি স্বীকার করেন, এখানে অন্যদের অন্তর্ভুক্তির সুযোগও ছিল। এরপর মূল তদন্ত কমিটি অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে দিয়ে করার যে খসড়া, সেখানেও পরিবর্তনের সুযোগ ছিল বলে তিনি মত দেন।

তবে রায়ে সর্বসম্মতভাবে আচরণবিধিতে প্রধান বিচারপতির নেতৃত্বে পিয়ার (সতীর্থদের দ্বারা গঠিত) রিভিউ কমিটি করা হয়েছে, তা কার্যকর হবে কি না, সে বিষয়ে তিনি সংশয় প্রকাশ করেন। ষোড়শ সংশোধনীর রায়ে বলা আছে, কোনো বিচারকের বিষয়ে অভিযোগ এলে রাষ্ট্রপতিকে (কার্যত প্রধানমন্ত্রীকে) না জানিয়ে প্রধান বিচারপতি ও পরের দুজন তদন্ত করবেন। প্রাথমিক সত্যতা প্রমাণিত হলে তার ফলাফল রাষ্ট্রপতিকে জানাবেন। আপিল বিভাগের বিচারকেরা এই নতুন বিধানের বিষয়ে সবাই একমত হয়েছেন।

কখনো কোনো প্রধান বিচারপতির বিষয়ে অভিযোগ এলে তা আর প্রথমেই কাউন্সিলের বৈঠকে উঠবে না। তাঁকে বাদ দিয়ে পরের তিনজন কমিটি করবেন। প্রধান বিচারপতি তাঁর আত্মপক্ষ সমর্থনে গোপনীয়তা বজায় রেখে বিবৃতি দেবেন কমিটিতে। এটাই এখন দেশের আইন।

বিচারপতি খায়রুল হক তিনটি বিষয়ে মত দিয়েছেন, যা গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি রাখে। তিনি পরিষ্কার করেছেন যে ১. তিনি দ্বিমত করলেও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল দেশের আইনে পরিণত হয়েছে। এটা মানতে সবাই বাধ্য। ২. ১১৬ অনুচ্ছেদে বর্ণিত অধস্তন আদালতে দ্বৈত শাসন তিনি সমর্থন করেন। কারণ, তাঁর মতে, এটাই ভারসাম্য রক্ষা করছে। তাঁর যুক্তি সম্ভবত এটাই যে হাইকোর্টের বিচারকদের কাছে যদি বিচারক বদলির একক ক্ষমতা চলে যায়, তাহলে তাতে সরকারের কোনো ভূমিকা থাকবে না। তখন একটা ভারসাম্যহীনতা দেখা দেবে। ৩. রায়ে যেহেতু নির্বাচন কমিশনার, মহা হিসাব নিরীক্ষক ও পিএসসি সদস্যদের অনুচ্ছেদগুলোর বিষয়ে কিছু বলা হয়নি, তাই এই তিনটি অনুচ্ছেদে আনা ষোড়শ সংশোধনীর অংশ এখনো টিকে আছে। তার মানে দাঁড়ায়, শুধু বিচারকেরা অপসারিত হবেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল দ্বারা। আর অন্যরা হবেন সংসদের দ্বারা।

ওই তিনটি অনুচ্ছেদও (১১৮, ১২৭ ও ১৩৯) আপনাআপনি পঞ্চদশ সংশোধনী পূর্বাবস্থায় চলে গেছে বলে আইনজীবী আমীর-উল ইসলামসহ অনেকের মতামতের প্রতি বিচারপতি খায়রুল হকের দৃষ্টি আকর্ষণ করলে তিনি ওই মতের সঙ্গে দ্বিমত পোষণ করেন।

কোনো সন্দেহ নেই যে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ সম্পর্কে তিনি বিপজ্জনক মতামত দিয়েছেন। প্রসঙ্গক্রমে যদিও তিনি বলেন, তাঁর কমিশনের সচিবালয়ে প্রেষণে বিচারক বদলির বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ সুপ্রিম কোর্ট গ্রাহ্য করেননি।

আপনি এ ক্ষেত্রে চতুর্থ সংশোধনী ও জিয়ার ফরমানকেই সমর্থন করছেন বলে তাঁকে প্রশ্ন করলে তিনি এর উত্তরে বিরাজমান বাস্তবতা এবং প্রধান বিচারপতি থাকাকালে তাঁর অভিজ্ঞতার বিবরণ দেন।

আপনি বলছেন, ‘মূল সংবিধানে হাত দেওয়া যায় না। তাহলে বিচারপতিদের অবসরকালে প্রজাতন্ত্রের কোনো কাজে যোগদানে নিষেধাজ্ঞাবিষয়ক মূল ৯৯ অনুচ্ছেদের কী হবে? এটা তো চতুর্থ সংশোধনীতে নয়, জিয়া বিচারকদের ব্যবহার করবেন বলে সংশোধন করেছেন। আর সেটাই এখনো টিকে আছে। মূল ৯৯ অনুচ্ছেদ জীবিত হলে আপনি এই পদ হারাবেন। এটা অবৈধ হবে। বলুন হবে কি না?’

উত্তরে খায়রুল হক বলেন, ‘আমরা একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে চলছি। সংসদ মনে করেছে যে আমাদের বিশেষজ্ঞ জ্ঞান দরকার। এই পদ তো অন্য পেশার লোক দিয়ে চলবে না। বললাম, তাহলে আপনি স্বীকার করছেন যে মূল সংবিধানে হাত দেওয়া যাবে না, সেটা কোনো যুক্তিসংগত অবস্থান নয়। তিনি বলেন, সংসদ ৯৯ অনুচ্ছেদকে বাহাত্তরের সংবিধানে ফিরিয়ে নিলে তিনি তা মানতে রাজি আছেন।