বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ বলেছেন, ‘এ বি এম খায়রুল হক সরকারের মুখপাত্রের ভূমিকা নিয়েছেন। একজন সাবেক প্রধান বিচারপতি হয়ে তিনি বিচার বিভাগের বিপক্ষে অবস্থান নিয়েছেন। আমাদের সবার লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। আমাদের দেশের একজন সাবেক প্রধান বিচারপতি কীভাবে এতটা নিচে নেমে আসেন।’
সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এ বি এম খায়রুল হকের অপসারণ ও গ্রেপ্তার, মন্ত্রীদের বক্তব্যের মাধ্যমে সুপ্রিম কোর্টের ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও নিম্ন আদালতের বিচারকদের চাকরির বিধিমালার গেজেট অনতিবিলম্বে প্রকাশ করার দাবিতে আয়োজিত সমাবেশে মওদুদ এ কথা বলেন। গতকাল রোববার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্টের উত্তর হলে এই কর্মসূচির আয়োজন করে।
মওদুদ বলেন, ‘মুন সিনেমা হলের মালিক সিনেমা হল ফিরে পাওয়ার জন্য গিয়েছিলেন। সেই মামলায় খায়রুল হক কোথায় চলে গেলেন। তিনি পঞ্চম সংশোধনী বাতিল করে দিলেন। কিন্তু মুন সিনেমা হলের মালিক কিন্তু এখনো সিনেমা হল ফিরে পাননি।’
প্রতিবাদ সমাবেশে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেন, খায়রুল হক বলেছেন, বর্তমান প্রধান বিচারপতি শপথ ভঙ্গ করেছেন; আসলে তা নয়, খায়রুল হক নিজেই শপথ ভঙ্গ করেছেন।
বিএনপির নেতা নিতাই রায় চৌধুরী বলেন, সরকার যেন বিচার বিভাগের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন বলেন, সরকারের সাজাপ্রাপ্ত মন্ত্রীরা আজ সক্রিয়। সরকারের একটাই টার্গেট, সুপ্রিম কোর্টকে আঘাত করা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তৈমুর আলম খন্দকার বক্তব্য দেন।