খিচুড়ি খেয়ে দুই শতাধিক শিক্ষার্থী অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা এলাকার বারইপটল নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা ও হেফজখানায় গতকাল রোববার খিচুড়ি খেয়ে দুই শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে ২১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের বয়স আট থেকে বারো বছর।
মাদ্রাসা ও হেফজখানা সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে মাদ্রাসার একটি ছাত্রাবাস উদ্বোধন করা হয়। এ উপলক্ষে সেখানে বিকেল চারটার দিকে দুই শতাধিক শিক্ষার্থীকে খিচুড়ি ও গরুর মাংস খাওয়ানো হয়। সন্ধ্যার দিকে তারা অসুস্থ হয়ে পড়ে। রাত আটটার দিকে গুরুতর অসুস্থ ২১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
মাদ্রাসার শিক্ষার্থী মাজেদুল ইসলাম (৭) জানায়, খিচুড়ি খাওয়ার ঘণ্টা খানেক পর থেকে বমি ও পেটে ব্যথা শুরু হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোস্তফা আমিনুর রশিদ বলেন, খিচুড়ি খেয়ে ছাত্ররা অসুস্থ হয়ে পড়ে। মাদ্রাসার অধ্যক্ষ মুক্তার হোসেন বলেন, গুরুতর অসুস্থ ছাত্রদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মমতাজ উদ্দিন বলেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে এ অবস্থা হয়ে থাকতে পারে।