খিজির খান হত্যায় জড়িত সন্দেহে যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মধ্য বাড্ডায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক চেয়ারম্যান মুহম্মদ খিজির খান হত্যায় জড়িত সন্দেহে টাঙ্গাইল থেকে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

গতকাল মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার মৌলভী পাড়া এলাকা থেকে তারেকুল ইসলাম (২৩) নামের ওই যুবককে আটক করা হয়। তিনি মৌলভী পাড়ার পিয়ার আলীর ছেলে।

দেলদুয়ার থানার পরিদর্শক (তদন্ত) এস এম তুহিন আলী জানান, ঢাকা থেকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তারেকুলকে আটক করে নিয়ে গেছে। তারেকুল জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য। এর আগে তারেকুল ঢাকায় গ্রেপ্তার হয়ে কয়েক বছর কারাগারে ছিলেন। তিন বছর আগে জামিনে মুক্ত হয়ে তিনি দেলদুয়ারে এসে স্থানীয় মাদ্রাসায় ভর্তি হন।

৫ অক্টোবর সন্ধ্যায় পরিবারের সদস্যদের বেঁধে রেখে খিজির খানকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বাড়ির দোতলায় রহমতিয়া খানকা শরিফের অজুখানায় এই হত্যাকাণ্ড ঘটে। খিজির খান ওই খানকা শরিফের পীর ছিলেন। হত্যাকাণ্ডের পর সেখান থেকে রক্তমাখা একটি চাপাতি, কয়েকটি গামছা, জটবাঁধা লম্বা একটি নকল চুলসহ বেশ কিছু আলামত সংগ্রহ করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা। এসব আলামত পরীক্ষার জন্য সিআইডির পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এই হত্যার ঘটনায় খিজির খানের ছোট ছেলে আশরাফুল ইসলাম অজ্ঞাতনামা ছয়-সাতজনকে আসামি করে ৬ অক্টোবর রাতে বাড্ডা থানায় মামলা করেন।