খিলক্ষেত মধ্যপাড়ার সড়কের হাঁটুসমান পচা পানি অপসারণ করেছে ওয়াসা ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। কিছু কিছু স্থানে সড়কের মাঝের অংশে এখনো সামান্য পরিমাণ পানি জমে থাকলেও সংস্কারকালীন সাময়িক দুর্ভোগ হিসেবে মেনে নিয়েছেন সবাই। সড়কের দুপাশ শুকনো থাকায় বেশ স্বাচ্ছন্দ্যেই চলাচল করতে পারছেন বাসিন্দারা।
১২ ফেব্রুয়ারি ‘সড়কে এক মাস ধরে পানি’ শিরোনামে প্রথম আলোয় একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়েছিল। স্থানীয় বাসিন্দারা বলেন, প্রথম আলোয় এই প্রতিবেদন ছাপার পর গত সোমবার মধ্যপাড়ার কামালের বাড়ির মোড় অংশে পচা পানি অপসারণের কাজ শুরু করেন ওয়াসা ও ডিএনসিসির কর্মীরা। এ সময় রাস্তায় জমে থাকা পানি সেচযন্ত্রের সাহায্যে নিষ্কাশনের ব্যবস্থা করা হয়। তা ছাড়া মধ্যপাড়ার আশপাশের কয়েকটি পয়োনিষ্কাশন সংযোগ পরিস্কার করা হয়। ওই দিন বিকেলের মধ্যেই রাস্তায় জমে থাকা পানি সরে যায় এবং পায়ে হেঁটে চলাচলের উপযোগী হয়। এই কাজ পরিচালনা করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর শাহনাজ পারভীন।
জানতে চাইলে শাহনাজ পারভীন প্রথম আলোকে বলেন, আমি বিষয়টি অবগত হওয়ার পর জনদুর্ভোগ কমাতে সেচযন্ত্রের মাধ্যমে পচা পানি অপসারণের ব্যবস্থা করেছি। তা ছাড়া এলাকায় যেহেতু পয়োনিষ্কাশনের সংযোগ সংস্কার করা হচ্ছে, তাই আশপাশে থাকা পয়োনিষ্কাশনের সংযোগগুলোও সাময়িক সংস্কার করা হয়েছে, যাতে প্রতিদিনের ব্যবহৃত পানি আর জমে না থাকে।
গতকাল বিকেলে খিলক্ষেত মধ্যপাড়ার সড়কের অধিকাংশ স্থানে পচা পানি দেখা যায়নি।