খিলক্ষেতে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে কলেজছাত্রীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ-২ এলাকার একটি ফ্ল্যাট থেকে গত সোমবার রাতে কলেজছাত্রী শামীমা নাসরিন সুইটির (২১) লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাজধানীর সিটি কলেজে ব্যবসায় প্রশাসন বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।খিলক্ষেত থানার পুলিশ জানায়, লাশ তালাবদ্ধ ফ্ল্যাটের বিছানার ওপর ছিল। অন্তত এক দিন আগে ওই তরুণীর মৃত্যু হয়েছে। তাঁর গলায় কালো দাগ ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে সুইটির বাবা মো. আলাউদ্দিন খন্দকার গতকাল মঙ্গলবার থানায় হত্যা মামলা করেছেন।স্বজনেরা জানান, সুইটিদের বাসা পূর্ব বাসাবোর কদমতলায়। ১৮ আগস্ট বিকেলে তিনি পারিবারিকভাবে পরিচিত জাহানারা বেগমের নিকুঞ্জের বাড়িতে বেড়াতে যান। জাহানারার বড় ছেলে সাইফুল ইসলামকে শামীমা মামা বলে ডাকতেন এবং তাঁর সঙ্গে মুঠোফোনে প্রায়ই দীর্ঘক্ষণ আলাপ করতেন। সেদিনও সাইফুল তাঁকে ফোন করে যেতে বলেছিলেন।এজাহারে শামীমার বাবা অভিযোগ করেন, ২১ আগস্ট বিকেল পাঁচটার দিকে শামীমা মুঠোফোনে তাঁর বড় বোনের সঙ্গে কথা বলেন এবং তাঁকে জানিয়েছিলেন পরদিন বাসায় ফিরবেন। কিন্তু সোমবার সন্ধ্যায় সাইফুলের মামা আতাউর রহমান তাঁদের কদমতলার বাসায় গিয়ে তাঁকে জানান, শামীমা আত্মহত্যা করেছেন। এরপর তিনি খিলক্ষেত থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশের সহযোগিতায় রাত পৌনে ১১টার দিকে নিকুঞ্জ-২-এর একটি বাড়ির পাঁচতলার ওই ফ্ল্যাটের দরজা খুলে একটি কক্ষের খাটের ওপর শামীমার লাশ দেখতে পান।মামলায় জাহানারা, তাঁর দুই ছেলে সাইফুল ও রিফাত চৌধুরীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে শামীমাকে হত্যার অভিযোগ আনা হয়েছে।শামীমার বড় বোনের অভিযোগ, জাহানারার পরিবারের সদস্যরা তাঁর বোনকে হত্যা করেছে।এ বিষয়ে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ বলেন, জাহানারা বেগমের ফ্ল্যাটে খাটে শোয়া অবস্থায় শামীমার লাশ উদ্ধার করা হয়েছে। তবে ফ্ল্যাটের বাসিন্দারা সবাই পালিয়ে গেছেন। ফ্ল্যাটের একটি চাবি তাঁদের এক আত্মীয়ের কাছে ছিল। ওই চাবি দিয়ে দরজা খোলা হয়েছে। শামীমার গলায় কালো দাগের চিহ্ন পাওয়া গেছে। তাঁকে হত্যা করা হয়েছে কি না, তা নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।