খিলক্ষেতে পুনরায় ডিএনসিসির উচ্ছেদ অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলক্ষেতে পুনরায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। দুই দিন আগে একদফা অভিযানের পর আবার অবৈধ দখল হয়ে যায়। এরপর গতকাল এ উচ্ছেদ চালানো হয়।
ডিএনসিসির সূত্র জানায়, ১৪ নভেম্বর খিলক্ষেত বাসস্ট্যান্ড ও রেললাইনের দুপাশের অবৈধ দখল উচ্ছেদ করা হয়। কিন্তু উচ্ছেদের পরের দিনই রেললাইনের পাশে আবার দখল করে হাজী রহমান বিরিয়ানি হাউজ দোকান বসানো হয়। দোকানটি পরে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ভেঙে ফেলা হয়। তা ছাড়া বাজার ও আশপাশে উচ্ছেদ করা মুরগির দোকানগুলো আবার বসে পড়ায় সেগুলোও উচ্ছেদ করা হয়।
অন্যদিকে খিলক্ষেতের নামাপাড়ায় বেদখলে যাওয়া রাস্তার এক-তৃতীয়াংশ জায়গা দখলমুক্ত করা হয়। ওই এলাকায় ১২ ফুট প্রস্থের রাস্তাটির একটি অংশ দখলে নিয়ে ঘর তোলা হয়। সেখানে একটি স্কুল ও একটি গ্যারেজের জন্য ভাড়া দেওয়া হয়েছিল।
বেলা ১১টা থেকে পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার ও নুরুজ্জামান শরীফ। প্রসিকিউশন কর্মকর্তা আবদুস সালামসহ অন্য প্রকৌশলীরা এ সময় উপস্থিত ছিলেন।