খিলক্ষেতে ফের ট্রেনে কাটা পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দিনের ব্যবধানে রাজধানীর খিলক্ষেত রেলক্রসিংয়ে আবারও ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা গেছেন। নিহতের নাম বসিরউদ্দিন (২৭)। আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়।

বসিরউদ্দিনের গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনায়। তিনি ঢাকায় প্রাইভেটকারের চালক ছিলেন।

ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলী আকবর প্রথম আলোকে বলেন, মতিঝিলে যাওয়ার জন্য বসির খিলক্ষেত রেলক্রসিং পার হচ্ছিলেন। এ সময় রেলবার ফেলানো ছিল। তবে বারের নিচ দিয়ে পার হওয়ার সময় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়। লাশ তাঁর পরিবারের সদস্যরা গ্রামের বাড়ি নিয়ে যাবেন।

গত ৯ মার্চ খিলক্ষেত বনরূপা রেলক্রসিংয়ে মোটরসাইকেল নিয়ে পাড় হওয়ার সময় রওশন জামির (৩৯) নামের এক শিক্ষকের মৃত্যু হয়।