খিলক্ষেতের টানপাড়ায় ওয়াসার পানিতে ময়লা, দুর্গন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খিলক্ষেতের জামতলার টানপাড়া এলাকার ওয়াসার লাইনে ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি আসছে। এলাকাবাসীর অভিযোগ, পয়োনালা বন্ধ হয়ে ওয়াসার লাইনের সঙ্গে একত্র হয়ে যাওয়ায় বাসাবাড়িতে দুর্গন্ধযুক্ত ময়লা পানি আসছে।
গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, খিলক্ষেত টানপাড়ার অধিকাংশ বাসাবাড়িতেই ওয়াসার সংযোগ দিয়ে পচা গন্ধযুক্ত পানি আসছে। পানির রং ঘোলাটে। তা ছাড়া এলাকাটির পয়োনালাগুলো বন্ধ হয়ে গেছে। ম্যানহোলের মুখ দিয়ে বুদ্বুদ আকারে উঠে আসছে পানি। সেই পানিতে রাস্তা সয়লাব। ছড়াচ্ছে গন্ধ। বাসাবাড়িতেও উঠে যাচ্ছে সেই পানি।
জামতলা টানপাড়ার খ-১৩২ নম্বর বাসার বাসিন্দা সারোয়ার হোসেন বলেন, পয়োনালা বন্ধ হয়ে রাস্তায় ময়লা পানি উঠে যাওয়ার পর থেকে গত কয়েক দিন ধরেই লাইনে ঘোলা এবং গন্ধযুক্ত পানি আসছে। তিনি বলেন, ফুটানোর পরও পানিতে গন্ধ থেকে যায়।
টানপাড়ার খ-১১৮/১-এর বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, লাইনে ঘোলা পানি আসে। পানিতে এত গন্ধ যে টয়লেটের কাজ ছাড়া এই পানিতে আর কিছু করা যায় না। হাত-মুখ ধোয়ার কাজে এই পানি ব্যবহার করলে শরীর চুলকায়, গায়ে গন্ধ লেগে থাকে। আরও কয়েকজন এলাকাবাসী জানান, কয়েক দিন আগে পয়োনালা বন্ধ হয়ে রাস্তায় পানি উঠে যায়। জরুরিভাবে পয়োনালা সংস্কার করা হয়েছিল। তাঁদের ধারণা, তখন হয়তো কোথাও পাইপ ফেটে গিয়ে সুয়ারেজের লাইনের সঙ্গে পানির লাইন একাকার হয়ে গেছে। এ জন্যই নোংরা পানি আসছে।
তা ছাড়া জরুরি ভিত্তিতে পয়োনালা সংস্কারের সময় ময়লা-আবর্জনাগুলোও রাস্তার ওপরেই রাখা হয়েছিল। যা এক সপ্তাহেও সরানো হয়নি। ফলে পয়োবর্জ্যগুলো রাস্তায় মিশে যাচ্ছে কিংবা সেই বর্জ্য আবার নালাতেই গিয়ে পড়ছে। অন্যদিকে পথচারীদের চলাচলেও সৃষ্টি হচ্ছে ভোগান্তি। নালা বন্ধ হয়ে যাওয়ায় অনেক বাসাবাড়িতে উঠে আসছে পানি।
এ বিষয়ে এলাকার কাউন্সিলর শাহনাজ পারভীনের সঙ্গে কথা হলে তিনি বলেন, পয়োনালা সংস্কার করা হয়েছে, তাতে খাওয়ার পানিতে সমস্যা হওয়ার কথা নয়। তিনি আরও বলেন, পানি সরানোর পরে সেখানে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়া হয়েছে, যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয়। এ সময় তিনি বিষয়টি খোঁজ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর কথা বলেন।