খিলক্ষেতের টানপাড়ায় খাওয়ার পানির সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খিলক্ষেতের টানপাড়া এলাকায় চলছে পানির তীব্র সংকট। এতে এলাকাবাসীর স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে।

বাসিন্দারা জানান, প্রায় এক মাস ধরে পানির তীব্র সংকট চলছে। ঈদের সময় কয়েক দিন কমবেশি পানি পাওয়া গেলও কিছুদিন ধরে আবার পানির সংকট চলছে। কিছু বাড়িতে একদমই পানি পাওয়া যাচ্ছে না।

টানপাড়ার বাসিন্দা মো. আক্তার হোসেন বলেন, পানির সংকটে জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। খাওয়াদাওয়া, গোসল, ধোয়ামোছা কিছুই ঠিকমতো করা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, বাজার থেকে পানির জার কিনে তাঁরা কোনোমতে চাহিদা মেটাচ্ছেন।

গৃহিণী সালমা রহমান বলেন, বাসায় এক সপ্তাহ ধরে পানি নেই। পাশের বাসায় রাতে অল্প পরিমাণে পানি আসে। সেই পানি দিয়ে কোনোমতে কাজ চালিয়ে নিচ্ছেন তাঁরা।

অনেকের অভিযোগ, পর্যাপ্ত পানি উত্তোলনের পরও ওয়াসার কিছু অসাধু কর্মী ইচ্ছা করে পানির কৃত্রিম সংকট তৈরি করছেন। চাহিদার তুলনায় পানি কম সরবরাহ করা হচ্ছে।

ঢাকা ওয়াসা সূত্র জানায়, নিকুঞ্জ-২ আবাসিক এলাকার ১ ও ১৩ নম্বর সড়কে দুটি পানির পাম্প আছে। ১৩ নম্বর সড়কের পাম্পটির উত্তোলনক্ষমতা প্রতি মিনিটে ২ হাজার ২০০ লিটার এবং ১ নম্বর সড়কের পাম্পের পানি উত্তোলনক্ষমতা ২ হাজার ৮০০ লিটার। আর একজন মানুষের দৈনিক গড়ে ১২০ লিটার পানির প্রয়োজন হয়। এদিকে এলাকায় জনবসতি বেড়েছে। বেড়েছে পানির চাহিদাও। অথচ গত পাঁচ-ছয় বছরে পানির পাম্প বাড়নো সম্ভব হয়নি।

পানির সংকটের বিষয়ে জানতে চাইলে ঢাকা ওয়াসা মডস জোন-৯-এর উপসহকারী প্রকৌশলী আবদুল হালিম বলেন, যান্ত্রিক সমস্যার কারণে ১৩ নম্বর সড়কের গভীর নলকূপের পানির উত্তোলনক্ষমতা কমে গিয়েছিল। তখন ওই নলকূপের উত্তোলনক্ষমতা ২ হাজার ২০০ লিটার থেকে ১ হাজার ৫০০ লিটারে নেমে যায়। পাম্পের যান্ত্রিক ত্রুটি সারানো হয়েছে। এখন আগের মতো পানি উত্তোলন করা সম্ভব হচ্ছে।

এক প্রশ্নের জবাবে আবদুল হালিম বলেন, ঈদে ব্যবহারকারী কম ছিল বলে পানির চাহিদাও কম ছিল। লোকজন গ্রামের বাড়ি থেকে আবার এলে পানির সংকট হওয়ার আশঙ্কা আছে। কৃত্রিম সংকট তৈরির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘পানির সংযোগ একদিকে বন্ধ করে অন্যদিকে দেওয়ার প্রবণতা আমাদের কোনো কর্মকর্তার নেই।’

ওয়াসার এই কর্মকর্তা বলেন, নতুন নলকূপ বসানোর জন্য জায়গা চেয়ে তাঁরা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে কথা বলেছেন। যত দ্রুত পাম্প বসানো যাবে, তত দ্রুত পানির সংকট নিরসন হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিন্নাত আলী বলেন, ঈদের আগে ওই এলাকায় পানির সমস্যা ছিল। সেই সমস্যার সমাধান করা হয়েছে। নতুন করে পানির সংকট হচ্ছে কি না, তা তাঁর জানা নেই।

নতুন পাম্পের জন্য জায়গার বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর বলেন, ‘ওয়াসার কাছে আমার প্রশ্ন, যে দুটি পাম্প আছে, সে দুটি দিয়েই তো এত বছর চাহিদা পূরণ হচ্ছিল। হঠাৎ পানির এমন সংকটের কারণ কী?’ তবে নতুন পাম্পেরও দরকার আছে বলে মনে করেন তিনি।