খিলগাঁও উড়ালসেতু নিয়ে আতঙ্ক কাটেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খিলগাঁও উড়ালসেতু (ফ্লাইওভার) হালকা যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হলেও এলাকাবাসী ও এতে চলাচলকারী লোকজনের মধ্যে এখনো আতঙ্ক কাটেনি। তাদের আশঙ্কা, উড়ালসেতুর দেবে যাওয়া একটি স্প্যান (পিলার) মেরামত না করা হলে যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। গতকাল রোববার এলাকা ঘুরে এই অভিমত পাওয়া গেছে।গত শুক্রবার রাত আটটার দিকে উড়ালসেতুটির স্প্যান দেবে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রায় ১৭ ঘণ্টা বন্ধ রাখার পর শনিবার বেলা একটার দিকে উড়ালসেতু চলাচলের জন্য খুলে দেওয়া হয়।গতকাল দুপুরে এলাকায় গিয়ে দেখা যায়, সেতুতে অন্যান্য দিনের তুলনায় যানবাহন চলেছে কম। আর বাস কিংবা ভারী যানবাহন ওঠার চেষ্টা ঠেকাতে সেতুর তিনটি প্রবেশপথেই সচেষ্ট রয়েছেন পুলিশ ও ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) প্রহরীরা।মালিবাগ রেল ক্রসিংয়ের দিকে যাবে বলে একটি প্রাইভেট কার সেতুর ওপর না উঠে নিচের সড়কপথ ব্যবহার করছিল। গাড়ির চালক আবদুন নূর জানান, সাহেবের মেয়েকে আইডিয়াল স্কুল থেকে বাসায় নিয়ে যাচ্ছেন। সাহেবের আদেশ, ফ্লাইওভারে ওঠা যাবে না। খিলগাঁও রেল ক্রসিংয়ের ঠিক ওপরে উড়ালসেতুর তিন রাস্তার সংযোগস্থল যেখানে স্প্যান দেবে যাওয়ার সমস্যাটি ধরা পড়ে, তার ঠিক নিচের সড়ক ব্যবহার করতে গিয়েই লোকজন বেশি আতঙ্কিত হচ্ছে। বিশেষ করে, সিএনজি ও রিকশার আরোহী এবং চালকেরা আতঙ্কিত হয়ে ওপরের দিকে তাকাচ্ছিল। ভাবখানা এমন, জায়গাটি পেরোতে পারলেই যেন স্বস্তি।উড়ালসেতু নিয়ে সমস্যা সৃষ্টির পর গঠিত তদন্ত কমিটির অন্যতম সদস্য বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মুনাজ আহম্মেদ নূর অবশ্য বলেন, সামান্য দেবে যাওয়া স্প্যান ছাড়াও সেতুর অন্য অংশ গত শনিবার খুব ভালোভাবে পরীক্ষা করা হয়েছে। প্রাথমিক তদন্তে সেতুতে কোনো ত্রুটি আছে বলে মনে হয়নি। সুতরাং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ মাহবুবুর রহমান মনে করেন, অতীতে হয়তো সেতুটি ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়নি। এখন বিষয়টির ওপর সার্বক্ষণিক নজরদারি প্রয়োজন।