খিলগাঁও থানার সামনে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলছাত্রী উম্মে কুলসুম ওরফে ঋতুর আত্মহত্যার ঘটনায় প্ররোচনাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর খিলগাঁও থানার সামনে বিক্ষোভ-সমাবেশ করেছেন কুলসুমের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। আজ রোববার দুপুর ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত এ সমাবেশ হয়।

রাজধানীর খিলগাঁও নন্দীপাড়ার ইস্ট পয়েন্ট এডুকেশন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী উম্মে কুলসুম ৫ সেপ্টেম্বর কীটনাশক পান করে আত্মহত্যা করে। পরিবার ও শিক্ষকের অভিযোগ, স্থানীয় শিমুলসহ কয়েকজন বখাটের উৎপাত সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করেছে।

ঘটনার পর কুলসুমের মা সাথী আক্তার বাদী হয়ে শিমুল ও তাঁর পরিবারের আরও চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ শিমুলের বন্ধু শেখ মো. নেওয়াজ ইবনে আকরাম ওরফে জিহাদকে গ্রেপ্তার করে তিন দিনের রিমান্ডে নেয়। কিন্তু এখন পর্যন্ত শিমুলসহ আরও কয়েকজন মূল আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এ পরিস্থিতিতে প্ররোচনাকারীদের গ্রেপ্তারের দাবিতে খিলগাঁও থানার সামনে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশের আয়োজক ছিল একটি বামপন্থী সংগঠন। সমাবেশে কুলসুমের বাবা মো. আশিক, মা সাথী আক্তার, ছোট বোন মরিয়ম বেগম, কুলসুমের শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ জহিরুল ইসলাম, শিক্ষক আল আমিনসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, এখন পর্যন্ত মূল বখাটেরা গ্রেপ্তার না হওয়ায় তাঁরা হতাশ ও আতঙ্কিত। পুলিশ এ ঘটনা গুরুত্ব দিয়ে তদন্ত করছে না বলেই দোষী ব্যক্তিরা এখনো ধরা ছোঁয়ার বাইরে। অবিলম্বে তাঁদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

এ ব্যাপারে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘ঘটনার পর থেকেই শিমুলসহ মূল বখাটেদের ধরার জন্য বিভিন্ন জায়গায় অভিযান পরিচালিত হয়েছে। আশা করি, তাদের অচিরেই ধরা সম্ভব হবে।’ রিমান্ড শেষ হওয়ার পর গ্রেপ্তার নেওয়াজকে আদালতের নির্দেশ অনুযায়ী কারাগারে পাঠানো হয়েছে।

ওসি বলেন, ‘নেওয়াজ, শিমুলসহ খিলগাঁও নন্দীপাড়ার কয়েকজন যুবক নোংরা চরিত্রের। তারা বিভিন্ন অপরাধকর্মের সঙ্গে জড়িত। ছাত্রী উম্মে কুলসুমকে উত্ত্যক্ত করার বিষয়টি যদি আমরা আগে জানতে পারতাম তাহলে সঙ্গে সঙ্গেই ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিতাম। এখন বখাটে যে-ই হোক, কোনো ছাড় দেওয়া হবে না।’