খিলগাঁও ফ্লাইওভারের লুপ নির্মাণের কাজ শেষ

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের লুপ নির্মাণকাজ শেষ হয়েছে। এখন প্রধানমন্ত্রী সময় দিলেই এটির উদ্বোধন হবে। লুপটি চালু হলে মাদারটেক, কদমতলী, বাসাবো ও সিপাহীবাগের লোকজন খুব সহজেই রাজারবাগ হয়ে মতিঝিল চলে যেতে পারবেন।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সাংসদ সাবের হোসেন চৌধুরী ঢাকার পূর্বাঞ্চলের যানজটপ্রবণ খিলগাঁও রেলগেটে একটি ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ নেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ফ্লাইওভার বাস্তবায়নের দায়িত্ব পায়। বিএনপি আমলে এর কাজ শেষ হয়। তবে এত দিন মাদারটেক, কদমতলী, বাসাবো ও সিপাহীবাগের লোকজন এই ফ্লাইওভারের সুবিধা পাচ্ছিল না।
প্রকল্পের পরিচালক এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে আজাদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘কাজ শেষ। প্রধানমন্ত্রী সময় পেলেই এটি উদ্বোধন করা হবে। এই লুপ চালু হলে বর্তমান ফ্লাইওভারের যানবাহন ধারণক্ষমতা বাড়বে। এ ছাড়া প্রগতি সরণি এবং ঢাকা শহরের পূর্বাঞ্চল বিশেষ করে মাদারটেক, কদমতলী, বাসাবো ও সিপাহীবাগ থেকে আসা বিপুলসংখ্যক যানবাহন রাজারবাগ ও মতিঝিলের দিকে সরাসরি যেতে পারবে।’