খিলগাঁও-মালিবাগে রেললাইনের পাশের দোকানপাট উচ্ছেদ
রাজধানীর খিলগাঁও রেলক্রসিং থেকে মালিবাগ পর্যন্ত রেললাইনের পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ শনিবার সকাল নয়টা থেকে বেলা পৌনে দুইটা পর্যন্ত এ অভিযান চলে।
অভিযানের সময় রেললাইনের পাশে গড়ে ওঠা কয়েকটি বসতঘরও উচ্ছেদ করা হয়। তবে অভিযানকারীরা চলে যাওয়ার পর বাসিন্দারা আবার তা মেরামতের কাজে নেমে যান।
গত বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজার রেললাইনে ট্রেন দুর্ঘটনায় চারজন নিহত হন। এরপর কর্তৃপক্ষ ওই রেললাইনের আশপাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।
ওই ঘটনার জের ধরে আজ খিলগাঁও-মালিবাগ এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এ অঞ্চলজুড়ে রেললাইনের দুপাশে গড়ে তোলা হয়েছিল প্রায় দুই হাজার দোকান। এ ছাড়া ছিল কাঁচাবাজার। আজকের অভিযানে এসব দোকান ও বাজার উচ্ছেদ করা হয়।
দুপুরে সরেজমিনে দেখা গেছে, মালিবাগ রেলক্রসিং থেকে শুরু করে খিলগাঁও রেলক্রসিং পর্যন্ত অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও বাজার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে ফেলা হয়। অভিযান পরিচালনা করেন রেলওয়ে কর্মকর্তারা ও রেলওয়ে পুলিশ। ছিল উৎসুক জনতার ভিড়।
অভিযানকারীরা চলে যাওয়ার পর রেললাইনের পাশে স্তূপাকারে পড়ে থাকা দোকানপাটের ভাঙা অংশ সরিয়ে রাখেন মালিকেরা। কেউ কেউ অভিযানের বিরুদ্ধে বিষোদগার করেন। আবার উচ্ছেদ করা কিছু বসতবাড়ি মেরামত করেন কয়েকজন।
দুমড়েমুচড়ে যাওয়া দোকানের পাশে মাথায় হাত দিয়ে বসে ছিলেন মইনুদ্দিন। জানতে চাইলে তিনি বলেন, ‘চার বছর ধরে দোকানে রুটি বিক্রি করতাছি।’ রেললাইনের পাশে এভাবে ব্যবসা করা তো ঝুঁকিপূর্ণ—বললে মইনুদ্দিন বলেন, ‘কী করব। সরকারি জায়গা, সবাই করে, তাই আমিও করি।’
প্রায় রেললাইন ঘেঁষে গড়ে ওঠা মনজু নামের এক ব্যক্তির ঘরের একপাশ উচ্ছেদ করা হয়েছে। অভিযানকারীরা চলে যাওয়ার পর পরিবারের সদস্যদের নিয়ে তিনি আবার তা মেরামত করার কাজ শুরু করেন। ছবি তুলতে গেলে তাঁর সঙ্গে থাকা কয়েকজন নারী ক্ষিপ্ত হয়ে ছুটে এসে বললেন, ‘ছবি তুলবেন না।’ উচ্ছেদের পর আবার মেরামত করছেন কেন, প্রশ্ন করলে মনজু বলেন, ‘থাকার তো জায়গা নাই।’
উচ্ছেদ করা ঘরের চাল ও বেড়া তার ও রশি দিয়ে আবারও যথাস্থানে বসাচ্ছিলেন রিকশাচালক আবদুল জলিল। তার ঘরের একপাশও উচ্ছেদ করা হয়েছে। ছবি তুলতে গেলে তিনিও ক্ষিপ্ত হয়ে বলেন, ‘ছবি তুইলা কি পুরাই উচ্ছেদ কইরা দেবেন?’
এ বিষয়ে যোগাযোগ করা হলে কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, ‘আমরা শুধু বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদ করেছি। আর যাঁদের বসতবাড়ি আছে, তাঁদেরকে নিরাপত্তার স্বার্থে চলে যেতে বলেছি। হয়তো কেউ কেউ অভিযানের সময় ভয়ে নিজেই বসতবাড়ি উচ্ছেদ করে পরে আবার মেরামত করছে।’ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।