খিলগাঁওয়ে তুলার গুদামে আগুন
রাজধানীর খিলগাঁওয়ে গতকাল শুক্রবার একটি তুলার গুদামে আগুন লেগেছে। এতে কেউ হতাহত না হলেও প্রায় আড়াই লাখ টাকার মালামাল পুড়ে গেছে। জ্বলন্ত সিগারেটের অবশিষ্টাংশ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সূত্র।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানা যায়, গতকাল বেলা দুইটার দিকে খিলগাঁওয়ের তিলপাপাড়ায় নির্মাণাধীন একটি তিনতলা ভবনের দোতলায় ওই তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল পৌনে চারটার দিকে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা বলেন, নির্মাণাধীন ওই ভবনের নিচতলায় বেশ কয়েকটি আসবাবের দোকানসহ বিভিন্ন দোকান রয়েছে। দ্বিতীয় তলায় তুলার গুদাম। সেখান থেকেই এই আগুনের সূত্রপাত হয়। গতকাল ছুটির দিন হওয়ায় ওই ভবনে লোক কম ছিল। ভবনটিতে যারা ছিল, তারা আগুন ছড়িয়ে পড়ার আগেই বেরিয়ে আসে।
ফায়ার সার্ভিসের পরিদর্শক মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, আগুনে তুলার গুদামের পুরোটাই পুড়ে গেছে। কেউ হতাহত না হলেও আগুনে প্রায় আড়াই লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। জ্বলন্ত সিগারেটের অবশিষ্টাংশ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।